অভিজিতকে নিয়ে বাড়ছে উদ্বেগ, 'এয়ারলিফট' করে দিল্লি নিয়ে যাওয়ার ভাবনা বিজেপির, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

অভিজিতকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ‘এয়ারলিফট’ করে দিল্লি নিয়ে যাওয়ার ভাবনা বিজেপির, বাংলার মুখ

Spread the love

তমলুকের বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে চিন্তা বাড়ছে। হাসপাতালে এখনও আইসিইউতে অক্সিজেন সাপোর্টে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এই অবস্থায় তাঁকে এয়ারলিফ্টে করে দিল্লি নিয়ে গিয়ে চিকিৎসা করানোর কথা ভাবছে বিজেপি।

আরও পড়ুন: হাসপাতালের বেডে শুয়ে অভিজিৎ গাঙ্গুলি, দেখতে গেলেন শুভেন্দু

বিজেপি সূত্রে শোনা যাচ্ছে, দিল্লির এইমসে ভর্তি করানো হতে পারে তাঁকে। সরাসরি কলকাতা থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তাতে থাকবেন বিশেষজ্ঞ ডাক্তাররাও। শনিবার থেকেই তাঁর শরীর খারাপ। বমি হচ্ছিল বার-বার। আর সঙ্গে পেটে তীব্র ব্যথা ছিল। এই অবস্থাতেই দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় ধরা পড়ে, ‘অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস’ আর ‘গ্যাস্ট্রোইনটেস্টিন্যাল সেপসিস’। দুটোই মারাত্মক।ডাক্তারদের মতে, এই প্যানক্রিয়াটাইটিসের ব্যথা শুধু পেটেই আটকে থাকে না, পিঠের দিকে ছড়িয়ে পড়ে, কখনও বুক পর্যন্ত যায়। আর সেপসিস হলে অন্ত্রে সংক্রমণ হয়, শরীরেও ছড়িয়ে পড়ে। সময়মতো না সারলে সমস্যা বাড়ে।

যদিও চিকিৎসকরা জানাচ্ছেন, গত ২৪ ঘণ্টায় তাঁর অবস্থা স্থিতিশীল আছে। তবে তিনি সুস্থ হয়ে ওঠেননি। তাই ঝুঁকি না নিয়ে দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়ার কথা ভাবছে বিজেপি। হাসপাতাল সূত্র জানাচ্ছে, এখন ‘লো ফ্লো অক্সিজেন’ সাপোর্টে রাখা হয়েছে বিজেপি সাংসদকে। ধীরে-ধীরে অক্সিজেন দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রের খবর, যেদিন তাঁকে ভর্তি করা হয়, সেদিনই প্রধানমন্ত্রীর দফতর থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। জানানো হয়, প্রয়োজনে কেন্দ্র পাশে থাকবে। তাঁর চিকিৎসার জন্য বিশেষ মেডিক্যাল টিম তৈরি হয়েছে। একাধিক বিভাগের চিকিৎসক আছেন সেই দলে। এখনও তাঁকে অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখা হচ্ছে। যেকোনও সময় দিল্লি স্থানান্তরের সিদ্ধান্ত কার্যকর হতে পারে বলে জানা যাচ্ছে।

রাজ্য বিজেপি নেতারাও বিষয়টা নিয়ে তৎপর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই হাসপাতালে গিয়ে দেখা করেছেন। পাশাপাশি দেখা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, গিয়েছিলেন দিলীপ ঘোষও। ৬৩ বছরের অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকাকালীন একাধিক গুরুত্বপূর্ণ রায় দিয়েছিলেন। ২০২৪-এ ভোটের আগে বিচারপতির পদ ছাড়েন এবং বিজেপিতে যোগ দেন। এরপর তমলুক থেকে লোকসভা ভোটে জিতে সাংসদ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *