গুরুবা বেত থেকে মিলল প্রাকৃতিক তন্তু! শিল্পে নতুন দিশা দেখালেন বাংলার গবেষকরা
গবেষকদের দাবি, কৃত্রিম তন্তু পরিবেশে গভীর সঙ্কট সৃষ্টি করে। পরিবেশকে দূষণমুক্ত রাখা এখন বিজ্ঞানীদের কাছে বড় চ্যালেঞ্জ। তাই সকলের লক্ষ্য কৃত্রিম তন্তু থেকে বেরিয়ে বিকল্প হিসেবে সবুজ প্রযুক্তির ব্যবহার (Green Technology)। শিল্পক্ষেত্রে কার্বন ফাইবার, গ্লাস ফাইবার ও অ্যারামিড ফাইবারের ব্যাপক ব্যবহার হলেও সেগুলির উৎপাদনে বিপুল শক্তি ব্যয় হয়। পুনরায় ব্যবহার করাও কঠিন হয়ে পড়ে। আবার সহজে তা মাটির সঙ্গে মিশে নষ্ট হয় না। উল্টে অনেক সময় পরিবেশ দূষিত করে। পরিবর্তে নতুন আবিষ্কার পরিবেশবান্ধব এবং অর্থনৈতিক ভাবে লাভজনক হবে বলে দাবি গবেষক অমলের। তিনি বলেন, ‘প্রাকৃতিক তন্তু-শক্তিবর্ধিত পলিমার কম্পোজিট ইতিমধ্যেই বিমান ও মহাকাশ প্রযুক্তি, মোটরগাড়ি শিল্প, নির্মাণ প্রকৌশল, ক্রীড়াসামগ্রী, চিকিৎসা-সহায়ক যন্ত্র, প্যাকেজিং এবং অন্যান্য উন্নত প্রযুক্তিনির্ভর শিল্পে সফলভাবে ব্যবহৃত হচ্ছে। ফলে উচ্চমানের প্রাকৃতিক তন্তুর আন্তর্জাতিক চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।’
এই গবেষণার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, বিশ্বে প্রথমবার গুরুবা বেতের তন্তুর পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক চরিত্রায়ন করা সম্ভব হয়েছে। এর আগে এই প্রজাতির তন্তু সম্পর্কে কোনও আন্তর্জাতিক গবেষণা প্রকাশিত হয়নি।