টলিউডে SOP, ফিল্মে শিফট ১২ ঘণ্টার, বৈঠক নন্দনে
এই সময়: টলিপাড়ার দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে কাজের সুস্থ পরিবেশ ফেরাতে নবান্নের উদ্যোগে নন্দনে তৃতীয় দফার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো বুধবার। বৈঠকে ফেডারেশনের অন্তর্গত ১৫টি গিল্ডের প্রতিনিধি, তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক এবং তিন বিধায়ক— রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ ও পাপিয়া অধিকারী উপস্থিত ছিলেন।
প্রযোজকদের পক্ষে উপস্থিত ছিলেন শতদীপ সাহা, অঞ্জন বসু, গোপাল মদনানি, অতনু রায়চৌধুরী, সানি ঘোষ, নীতেশ শর্মা, ফিরদৌসুল হাসান সহ দেব-যীশু সেনগুপ্তর প্রোডাকশন হাউজ়ের প্রতিনিধিরা।
আগামী দিনে টলিউডের ভবিষ্যৎ কাজের রূপরেখা নির্ধারণ করতে এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রস্তাব গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে শীঘ্রই একটি নির্দেশিকা এবং খসড়া প্রকাশ করা হবে, যা মেনেই ভবিষ্যতে সমস্ত কাজ পরিচালিত হবে।
পাশাপাশি স্থির হয়েছে, কোনও নির্দিষ্ট প্রযোজনায় কতজন টেকনিশিয়ান নিয়ে কাজ হবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল প্রযোজকদের হাতেই থাকবে। এছাড়া, বাংলা সহ যে কোনও ভাষার চলচ্চিত্রের ক্ষেত্রে টেকনিশিয়ানদের পারিশ্রমিকের হার একই রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
চলচ্চিত্রের শুটিংয়ের ক্ষেত্রে ১২ ঘণ্টার শিফট চালুর প্রস্তাব দেওয়া হলেও ওয়েব সিরিজ এবং টেলিভিশন ধারাবাহিকের ক্ষেত্রে বর্তমান শিফট ব্যবস্থাই বহাল রাখার কথা বলা হয়েছে। সরাসরি শুটিং ফ্লোরেই কল টাইম কার্যকর করার বিষয়েও নীতিগত আলোচনা হয়েছে। এই সিদ্ধান্তগুলি দ্রুত বাস্তবায়িত করে প্রস্তাবিত ওয়ার্কিং কমিটির মাধ্যমে টলিপাড়ায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনাই এখন মূল লক্ষ্য।