Malda: ডাইনি সন্দেহে মহিলাকে জুতোপেটা করে গ্রামছাড়া করার অভিযোগ | Malda Horror: Tribal Woman Assaulted, Branded Witch, Family Ousted
মালদহ: একবিংশ শতাব্দীতেও মধ্যযুগীয় বর্বরতা! ডাইনি অপবাদে এক আদিবাসী মহিলা ও তার পরিবারকে বেধড়ক মারধর, জুতোপেটা এবং গ্রাম ছাড়া করার চাঞ্চল্যকর ঘটনা ঘটল পুরাতন মালদহের ভাবুক এলাকায়। কুসংস্কার ও মাতব্বরদের নিদানের চরম শিকার ওই পরিবার।
অভিযোগ, গত বৃহস্পতিবার সকালে ওই আদিবাসী মহিলা ও তাঁর স্বামীকে ডেকে এনে মাঝখানে বসিয়ে ‘ডাইনি’ বলে দাগিয়ে দেওয়া হয়। এরপর চলে অমানবিক নির্যাতন—মহিলাকে গণপ্রহারের পাশাপাশি জুতোপেটা করা হয়। খবর পেয়ে মহিলার ভাই ও সন্তানরা বাঁচাতে গেলে তাঁকেও বেধড়ক মারধর করা হয়। মারধরের জেরে নির্যাতিতার বাম চোখ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাটির ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই পরিবারকে উদ্ধার করে। তবে মোড়লদের প্রাণনাশের হুমকির মুখে পড়ে নিজের গ্রামে ফিরতে পারছে না পরিবারটি। বর্তমানে দুই সন্তানকে নিয়ে আতঙ্কে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন তাঁরা।
ঘটনায় সাতজনের নামে মালদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। অভিযুক্তদের খোঁজে ও পুরো ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ।