Heavy Rain in West Bengal: প্রবল বৃষ্টির মাঝে মুর্শিদাবাদে বজ্রপাতে মৃত্যু কৃষকের, জখম আরও ৫! কলকাতায় মাঝ আকাশে চক্কর খাচ্ছে বিমান | Farmer killed by lightning amidst heavy rain in Murshidabad; five others injured! Flight circling mid air over Kolkata
মুর্শিদাবাদ: বাংলার আকাশে প্রবল দুর্যোগ। এরইমধ্যে মুর্শিদাবাদের সুতি থানা এলাকার সরলা-বসন্তপুর এলাকার আহিরন সংলগ্ন মাঠে ধান চাষের কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল এক কৃষকের। ঘটনায় জখম হয়ে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আরও পাঁচজন। জানা গিয়েছে, সোমবার মাঠে ধান রোপণের কাজ চলাকালীন আচমকাই আকাশে মেঘ জমে প্রবল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। সেই সময় মাঠে কাজ করছিলেন কয়েকজন কৃষক। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় কার্তিক মণ্ডলের।
এছাড়াও অন্য একটি স্থানে তিনজন পুরুষ ও দুইজন মহিলা গুরুতর জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। আহত দুই মহিলা ওমরপুর পাবলিক স্কুলের কর্মী বলে জানা গেছে। অন্যদিকে দুপুরেই অন্ধকার নেমে এল কলকাতায়। শহরজুড়ে তুমুল বৃষ্টি। এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে জারি কমলা সতর্কতা। হাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে গোটা বাংলার উপরেই পুরোদমে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। সে কারণেই এই তুমুল বৃষ্টি। মঙ্গলবারও কলকাতা ও শহরতলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
প্রতিকূল আবহাওয়া এবং দৃশ্যমান্যতা কম থাকায় কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলে প্রভাব পড়তে শুরু করেছে। বেশ কিছু বিমান মাঝ আকাশে চক্কর খাচ্ছে। পাশাপাশি বেশ কিছু বিমান নামতে না পারায় তাদেরকে অন্য বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।