‘আমাদের একজন সেনাকে হত্যা করলে...’, ইরানকে নজিরবিহীন হুঁশিয়ারি ট্রাম্পের, তীব্র উত্তেজনা পশ্চিম এশিয়ায় - 24 Ghanta Bangla News
Home

‘আমাদের একজন সেনাকে হত্যা করলে…’, ইরানকে নজিরবিহীন হুঁশিয়ারি ট্রাম্পের, তীব্র উত্তেজনা পশ্চিম এশিয়ায়

Spread the love

রাগে ফুঁসছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জর্ডনে ইরানি হামলায় তিন জন আমেরিকান সেনা জওয়ানের মৃত্যুর বদলা চান তিনি। সোমবার তেহরানকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলে দিলেন, ‘আমাদের একজন সেনা জওয়ানকে হত্যা করলে তার বহু গুণ মূল্য চোকাতে হবে।’ ইতিমধ্যেই আমেরিকান প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং শীর্ষ সামরিক নেতৃত্বকে এই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন তিনি।

গত ১৭ জুলাই থেকে পশ্চিম এশিয়ায় আমেরিকান সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে ইরান। সেই হামলা প্রতিহত করতে গিয়ে দুই আমেরিকান সেনার মৃত্যু হয়। আর এক আমেরিকান সেনা নিহত হন উত্তর ইরাকে। এখনও পর্যন্ত অবশ্য তাঁদের নাম-পরিচয় প্রকাশ করেনি সেন্টকম। কিন্তু এই ঘটনায় পেন্টাগনে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

এ দিন ট্রুথ সোশ্যালে ইরানকে একের পর এক হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি লেখেন, ‘ইরান যখনই কোনও আমেরিকান সেনাকে হত্যা করবে, তার বহু গুণ মূল্য চোকানোর জন্যও ওদের প্রস্তুত থাকতে হবে।’ শীর্ষ সামরিক নেতৃত্বকে এই সংক্রান্ত নির্দেশ দেওয়ার কথাও জানিয়ে আমেরিকার প্রেসিডেন্ট আরও লিখেছেন, ‘এই নির্দেশ প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যানিয়েল কেইন এবং সেনাবাহিনীর সমস্ত শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।’

ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা তাল ঠুকেছে ইরানও। তেহরান কোনও ভাবেই সামরিক চাপের কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়ে দিয়ে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ‘আপনারাও প্রস্তুত থাকুন। আরও জোরালো, আরও বড় এবং আরও ধ্বংসাত্মক পদক্ষেপ করা হবে।’ আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে ভারতে অবস্থিত ইরানের দূতাবাসও। X পোস্টে তারা লিখেছে, ‘আপনারা যতই বোমাবর্ষণ করুন, আমরা প্রতিরোধ চালিয়ে যাব। সামরিক হামলা চালিয়ে আমাদের সভ্যতা বা রাষ্ট্রকে ধ্বংস করা সম্ভব নয়।’

গত দু’সপ্তাহ ধরে ফের অগ্নিগর্ভ হয়ে উঠেছে পশ্চিম এশিয়া। আমেরিকার হামলার পাল্টা একের পর এক সেনাঘাঁটিকে নিশানা করছে ইরান। বিশেষ করে আমেরিকার মিত্র দেশগুলিতে থাকা সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ উঠেছে তেহরানের বিরুদ্ধে। কাতার ও জর্ডনের একাধিক ঘাঁটিতে পরপর হামলার ঘটনাও সামনে এসেছে। এ দিনও পশ্চিম এশিয়ায় আমেরিকান সামরিক ঘাঁটিগুলির উপর ফের মিসাইল হামলা চালিয়েছে ইরান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *