Sonam Wangchuk Update: হাসপাতালে থেকেও অনশন ভাঙেননি সোনম ওয়াংচুক, হাইকোর্টে ছুটলেন স্ত্রী, কী আর্জি জানালেন? | Sonam Wangchuk Update: Sonam Wangchuk Continues Hunger Strike, Wife Moves to Delhi High Court urging to move him to Private Hospital
নয়া দিল্লি: একটানা অনশন করছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। শনিবার অনশনের ২১ তম দিনে দিল্লির যন্তর মন্তরের (Jantar Mantar) অনশনস্থল থেকে পুলিশ সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে থেকেও অনশন ভাঙেননি সোনম। এবার দিল্লি হাইকোর্টের (Delhi High Court) দ্বারস্থ হলেন সোনম ওয়াংচুকের স্ত্রী। তিনি জরুরি শুনানির আর্জি জানালেন।
আজ, রবিবার (১৯ জুলাই) সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলী জে আংমো এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন যে দিল্লির সফদরজং হাসপাতালে তাঁর স্বামীকে নিয়ে যাওয়া হয়েছে। বেআইনিভাবে তাঁকে আটকে রাখা হয়েছে। তিনি দিল্লি হাইকোর্টের কাছে আবেদন জানান যে তাঁকে যেন সোনমকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার অনুমতি দেওয়া হয়।
হাই কোর্টে জমা দেওয়া পিটিশনে তিনি সোনম ওয়াংচুককে সরকারি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার আর্জি জানান। এতদিন অবধি যে চিকিৎসকরা সোনমের দেখভাল করছিলেন, তাদের মাধ্যমেই চিকিৎসা করানোর আবেদন করেন।
সোনম ওয়াংচুকের স্ত্রী অভিযোগ করেন যে বহুবার অনুরোধের পরও হাসপাতাল থেকে তাঁকে (সোনম) ছাড়া হচ্ছে না, অন্য কোনও হাসপাতালে স্থানান্তরিত করতে দেওয়া হচ্ছে না। তিনি আরও অভিযোগ করেন, “সোনম ওয়াংচুককে যে তলে রাখা হয়েছে, সেখানে ৩০ জন পুলিশ কর্মী মোতায়েন থাকছে সর্বক্ষণ। গোটা হাসপাতালে ১০০ জন পুলিশকর্মী দাঁড়িয়ে থাকছে। আমাদের ক্রমাগত বাধা দেওয়া হচ্ছে। এটা কোনও চিকিৎসা পরিষেবা নয়, এটা বেআইনিভাবে আটকে রাখা।”
প্রসঙ্গত, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত ২৮ জুন থেকে অনশনে বসেছেন সোনম ওয়াংচুক। আগামিকাল, ২০ জুলাই সংসদ অভিযানের ডাক দিয়েছেন তারা।