Chandannagar: যাঁকে গাড়ি চালানো শিখিয়েছেন, তাঁরই গাড়ির তলায় প্রাণ গেল যুবকের | Chandannagar Car Parking Accident: Driving Instructor Killed by Learner Behind the Wheel
কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিজনরাImage Credit: TV9 Bangla
চন্দননগর:
যাকে হাতে ধরে গাড়ি চালানো শিখিয়েছিলেন,তারই গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চন্দননগরের শ্রীপল্লি এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী শৈবাল সাহার গাড়ি চালাতেন স্থানীয় বছর ৩৯ এর বুদ্ধদেব সরকার।তার কাছে স্টিয়ারিং ধরে গাড়ি চালানো শিখছিলেন শৈবাল। অন্যান্য দিনের মতো আজ সন্ধার পর গাড়িতে করে কাজ মিটিয়ে ফিরে আসেন দুজনে।চন্দননগর সুপারস্টিচ প্লাজা নামে একটি আবাসনের তলায় পার্কিং করতে যান চারচাকা গাড়িটি। পার্কিং এর সময় গাড়ি চালাচ্ছিলেন শৈবাল, বাইরে দাঁড়িয়ে বুদ্ধদেব বুঝিয়ে দিচ্ছিল কি ভাবে পার্কিং করতে হয়। হঠাৎই বুদ্ধদেব কে সপাটে ধাক্কা মারে ওই গাড়িটি। সঙ্গে সঙ্গেই রাস্তায় লুটিয়ে পড়েন বুদ্ধদেব। তড়িঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করে টোটোয় চাপিয়ে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। ঘটনায় আটক করা হয়েছে শৈবাল সাহাকে। গাড়িটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চন্দননগর থানায়।
শিক্ষার্থীর হাতে শিক্ষকের এই রকম অনভিপ্রেত মৃত্যুতে হতবাক শ্রীপল্লীর বাসিন্দারা।
স্থানীয় এক ব্যবসায়ী জানান,শৈবালকে গাড়ি চালানো শিখিয়েছে বুদ্ধদেব।আবাসনের তলায় একটি গ্যারাজ নিয়েছে গাড়ি রাখার জন্য।সেই গ্যারাজে গাড়ি পার্কিং ঢোকাতে গিয়ে এই দূর্ঘটনা ঘটে।।