লর্ডসে রোহিতের শেষ ম্যাচ নয়, অবসর জল্পনায় মুখ খুলল বিসিসিআই
বাবান আদক, কলকাতা ডেস্ক: লর্ডসে শেষ ম্যাচ খেলতে নামছেন না রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া এই কথা স্পষ্ট করে জানিয়ে…
বাবান আদক, কলকাতা ডেস্ক: লর্ডসে শেষ ম্যাচ খেলতে নামছেন না রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া এই কথা স্পষ্ট করে জানিয়ে দিলেন। রোহিতের এই তথাকথিত ‘বিদায়বেলা’ নিয়ে তৈরি হওয়া সমস্ত জল্পনায় শেষমেশ জল ঢেলেছেন। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছেন, “রোহিতের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে সংবাদমাধ্যমে নানা জল্পনা চলছে। আমি নিশ্চিত করে বলছি, লর্ডসে রোহিত শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবে, এমন কোনও আলোচনা আমাদের মধ্যে হয়নি।”
আরও পড়ুন: নন্দনের বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিশেষ আয়োজন
বিতর্কের সূত্রপাত ভারত-ইংল্যান্ড প্রথম এক দিনের ম্যাচের ঠিক পরেই। জানা যায়, প্রধান নির্বাচক অজিত আগরকর এবং তাঁর দুই সহকারী রুদ্রপ্রতাপ সিংহ ও প্রজ্ঞান ওঝা রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট করে রোহিতকে জানিয়ে দেন যে, তাঁকে আর ভারতীয় দলের ভবিষ্যতের জন্য ভাবা হবে না। অর্থাৎ, চলতি ইংল্যান্ড সিরিজ়ই তাঁর শেষ। তাৎপর্যপূর্ণভাবে, এই কঠিন বার্তা দেওয়ার সময় উপস্থিত ছিলেন খোদ প্রধান কোচ গৌতম গম্ভীরও। কেরিয়ারের এই পর্যায়ে দাঁড়িয়ে এমন আকস্মিক ও রূঢ় বার্তায় রীতিমতো অপমানিত বোধ করেন ‘হিটম্যান’। ক্ষুব্ধ রোহিত অবিলম্বে যোগাযোগ করেন বোর্ডের শীর্ষ কর্তাদের সঙ্গে।
আরও পড়ুন: পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব
ইংল্যান্ড সিরিজ়ের মাঝে আচমকা ভারত অধিনায়কের অবসর নিয়ে যে শোরগোল শুরু হয়েছে, তাতে রীতিমতো ক্ষুব্ধ বিসিসিআই। ড্রেসিংরুমের গোপনীয় আলোচনা কী ভাবে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এল, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে কার্যত মুখ বন্ধ রাখার কড়া নির্দেশ দিয়েছে বোর্ড। জনপ্রিয় ক্রীড়া ওয়েবসাইট ‘ক্রিকবাজ়’-এর রিপোর্ট অনুযায়ী, বোর্ড নিজেদের ক্ষোভের কথা সরাসরি জানিয়ে দিয়েছে নির্বাচকদের। বোর্ডের এই কড়া বার্তার পর আপাতত রোহিত-বিতর্ক ধামাচাপা পড়লেও, গম্ভীর-আগরকর জমানায় ভারতীয় ক্রিকেটের অন্দরের এই ডামাডোল যে ভবিষ্যতের জন্য বড়সড় অশনিসঙ্কেত, তা সবাই একবাক্যেই স্বীকার করে নিচ্ছে।