১৭ থেকে ৭-এর জের, নিয়োগ প্রক্রিয়া কোন পর্যায়ে, জানাতে হবে সাত দিনে
এই সময়: অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) সংরক্ষণ সংক্রান্ত মামলা বর্তমান রাজ্য সরকার সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করে নেওয়ায় সংরক্ষণের হার ফিরে এসেছে ৭ শতাংশে। কিন্তু, আগের হার, অর্থাৎ ১৭ শতাংশকে সামনে রেখে ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন পর্যায়ে রয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, সেগুলির ক্ষেত্রে কী পদক্ষেপ করা হবে? সেগুলির ক্ষেত্রেও কি মানা হবে পরিবর্তিত নিয়ম। যেমন স্কুল সার্ভিস কমিশনই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ১৭ শতাংশ সংরক্ষণ ধরে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছে। আপাতত সে বিষয়ে নবান্ন কোনও সিদ্ধান্ত না–জানালেও কোন িনয়োগ ব্যবস্থা কোন পর্যায়ে রয়েছে, তা জানতে অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তরের পক্ষ থেকে রাজ্যের সমস্ত প্রধান নিয়োগকারী সংস্থাকে একটি নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, তাদের অধীনে যে সব নিয়োগ প্রক্রিয়া চলছে, তার বিস্তারিত তথ্য সাত দিনের মধ্যে জমা দিতে হবে।