কৃষ্ণর সম্পত্তি ভেবে সরকারি রিসর্টে ভাঙচুর, তদন্তে বিডিও
এই সময়, জলপাইগুড়ি: পলাতক তৃণমূল নেতা কৃষ্ণ দাসের সম্পত্তি ভেবে তিস্তা পাড়ের গৌরী কোণে সরকারি ইকো ট্যুরিজম কেন্দ্রে হামলা করেছিলেন গ্রামবাসীদের একাংশ। ওই খবর ‘এই সময়’ সংবাদপত্রে প্রকাশের পরে তদন্ত শুরু করল জলপাইগুড়ি জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে আচমকা বোদাগঞ্জ জঙ্গল লাগোয়া গৌরী কোণে ‘আনন্দ মঠ’ নামে ওই ইকো ট্যুরিজম হাবে হাজির হন জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও বিপ্লবকুমার রায়। তিনি প্রতিটি রিসর্ট ঘুরে দেখেন। পরে সংবাদমাধ্যমকে জানান, রিসর্টের ঘরগুলিতে ভাঙচুর করা হয়েছে। বিষয়টি প্রশাসনিক ভাবে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা রিসর্টের ঘর থেকে আইপ্যাক এবং তৃণমূলের বেশ কিছু নথি উদ্ধার করেন।