Suvendu Adhikari: মমতাকে হেলিকপ্টার পাঠাবেন শুভেন্দু, কেন একথা বললেন স্টিল ফ্যাক্টরিতে দাঁড়িয়ে? | CM Suvendu Adhikari Takes Dig at Mamata Banerjee During Shyam Steel Project Launch in Bankura - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari: মমতাকে হেলিকপ্টার পাঠাবেন শুভেন্দু, কেন একথা বললেন স্টিল ফ্যাক্টরিতে দাঁড়িয়ে? | CM Suvendu Adhikari Takes Dig at Mamata Banerjee During Shyam Steel Project Launch in Bankura

Spread the love

শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: Tv9 Bangla

বাঁকুড়া: ‘আপনার হাতে অনেক সময়। একবার প্ল্যান্টে এসে দেখে যান।’ শ্যাম স্টিল কারখানার শিলান্যাসে গিয়ে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বাঁকুড়ার মেজিয়ায় ইস্পাত কারখানার সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। স্ট্যাম স্টিলের হাত ধরে ১৫ হাজার কোটির বিনিয়োগ হচ্ছে বাংলায়। ২০ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। বাংলায় বিনিয়োগের জন্য স্টিল কোম্পানিকে ধন্যবাদ জানান শুভেন্দু। সেখান থেকেই শিল্পায়ন নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে খোঁচা দিতেও ছাড়লেন না বর্তমান মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়কে মেজিয়ায় আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, “আপনার হাতে অনেক সময় আছে। প্ল্যান্টের ভিতর এসে দেখে যাবেন। এতদিন কথায় কথায় বিশেষ করে মাড়োয়াড়ি, গুজরাতিদের বহিরাগত বলতেন। বলতেন উত্তর প্রদেশ করতে দেব না। আমি অভিভূত, প্ল্যান্টে মন্দির তো আছেই, নন্দী মহারাজ তো আছেই, গো শালা তো আছেই, সঙ্গে নেতাজি, রবীন্দ্রনাথের মূর্তিও রয়েছে। আপনি এসে দেখে যাবেন। সরকারি হেলিকপ্টার পাঠিয়ে দেব।”

শুভেন্দুর আরও দাবি, বিজেপি সরকার এসেছে বলেই বিমুখ শিল্পপতিরা বাংলায় ফিরছেন। মুখ্যমন্ত্রী বলেন, “এবার বিজেপি সরকার না এলে শ্যাম স্টিল ওড়িশায় চলে যেত। বাংলার মানুষ বেঁচে গিয়েছে। তৃণমূল গিয়েছে বাংলা-বাঙালি বেঁচে গিয়েছে। বাংলায় বন্ধ হয়েছে গুন্ডা ট্যাক্স। বাংলায় ফিরছেন বিমুখ শিল্পপতিরা।”

আগামী দিনে কী কী শিল্প আসছে বাংলায়, সেই তালিকাও তুলে ধরেছেন। শুভেন্দু জানান, দিন কয়েক আগে লাক্স কোজিতে বিনিয়োগ হয়েছে। আজ আরও বড় বিনিয়োগ হল। পরশু হাওড়ার ধূলাগড়ে ৭০০ কোটির আমূল প্ল্যান্ট উদ্বোধন করবেন অমিত শাহ। দুর্গাপুরে ৪ হাজার কোটির প্ল্যান তৈরি রয়েছে। দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্রবন্দর তৈরি করতে আগ্রহী আদানি গ্রুপ। নিউটাউনে আদানি গ্রুপ ২ হাজার বেডের হাসপাতাল তৈরি করবে বলেছে। গোয়েঙ্কারা ব্যাটারি প্রকল্পে বিনিয়োগ করতে চান।

কারখানায় তালা বন্ধ করলেই হাজতবাস। কড়া বার্তা শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী বলেন, “আইন শৃঙ্খলা ঠিক করতে হবে। এজন্য গুন্ডা দমন আইন আনা হয়েছে। কারখানার গেটে তালা লাগালে গ্রেফতার হবে। কারখানা ভেঙে দিলে তিনগুণ আদায় করব। কারখানায় ভাঙচুর করলেই অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *