Sohail Khan childhood harassment: শৈশবের ভয়ানক যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন সোহেল খান! সত্যিটা জেনে কী করেছিলেন বাবা সেলিম? | Sohail Khan reveals being harassed as a child, confides in father Salim Khan years later.
কুণাল খেমুর রিয়েলিটি শো ‘অ্যালায়েন্স’-এর (Alliance) মঞ্চে নাচ-গান আর একের পর এক টাস্ক জিতে এই মুহূর্তে লাইমলাইটে রয়েছেন অভিনেতা সোহেল খান (Sohail Khan)। চলতি সপ্তাহে লিডারবোর্ডের শীর্ষেও জায়গা করে নিয়েছে তাঁর টিম। কিন্তু বিনোদনের পেছনে যে কতটা অন্ধকার লুকিয়ে থাকতে পারে, তা হয়তো খোদ অনুরাগীরাও আন্দাজ করতে পারেননি। শো-এর সাম্প্রতিক পর্বে আচমকাই নিজের জীবনের এক অতি যন্ত্রণাদায়ক অধ্যায় টেনে আনলেন সলমন খানের ভাই। জনসমক্ষে স্বীকার করলেন, ছোটবেলায় এক মারাত্মক যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল তাঁকে।
শো-তে প্রতিযোগী আরসলান গোনি, রুহি দোশানি এবং আলি গোনির সঙ্গে আড্ডায় বসেছিলেন অভিনেতা-পরিচালক। সেখানেই র্যাগিং এবং বুলিংয়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে গিয়ে নিজের শৈশবের সেই ভয়ানক অভিজ্ঞতার কথা ভাগ করে নেন তিনি। সোহেল জানান, ছোটবেলার সেই চরম অস্বস্তিকর স্মৃতি তিনি বছরের পর বছর নিজের মনের ভেতরেই চেপে রেখেছিলেন। লোকলজ্জা আর অপমানের ভয়ে কাউকে কিচ্ছু বলতে পারেননি তখন।
অনেক বছর কেটে যাওয়ার পর, প্রাপ্তবয়স্ক হয়ে অবশেষে বাবা সেলিম খানের কাছে মন খোলেন সোহেল। বাবার সেই প্রতিক্রিয়ার কথা মনে করে আবেগপ্রবণ হয়ে প্রবীণ তারকা বলেন, “আমি যখন বাবাকে গিয়ে বললাম, ‘ড্যাডি, আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছিল।’ বাবা শুনেই চমকে উঠে বলেছিলেন, তুই এতগুলো বছর এই কষ্টটা নিজের মনের মধ্যে চেপে রেখেছিলিস!’ আমি বাবাকে বলেছিলাম, আমি খুব দুঃখিত। কিন্তু বিষয়টা কাউকে বলতে আমার ভীষণ লজ্জা লাগছিল। আজ বুঝি, দোষ আমার ছিল না কোনও, তাও একটা অদ্ভুত অপরাধবোধ আর লজ্জায় আমি কুঁকড়ে গিয়েছিলাম।”
এই ট্রমা থেকেই নিজের সন্তানদের সবসময় আগলে রাখেন সোহেল। তাঁদের কড়া শিক্ষা দিয়েছেন, জীবনে কখনও কোনও বুলিং বা হেনস্থার মুখোমুখি হলে যেন মুখ বুজে না থাকে। সন্তানদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, “যাই ঘটে যাক না কেন, এসে আমাকে সরাসরি জানাবে। কখনও কোনও কিছু লুকাতে যাবে না।”
এখানেই শেষ নয়, শো-এর হোস্ট কুণাল খেমুর সামনে এসে পরিবারের জন্য কেঁদে ফেলতেও দেখা যায় ৫৫ বছর বয়সী এই তারকাকে। তিনি অকপটে স্বীকার করেন, এর আগে বহু রিয়েলিটি শো-তে বিচারক বা সঞ্চালকের আসনে বসলেও, প্রতিযোগীদের মানসিক চাপ কেমন হয় তা নিজে প্রতিযোগী না হলে কখনওই বুঝতে পারতেন না। এই শো তাঁকে জীবনের এক নতুন শিক্ষা দিয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি এই শো-তেই ওয়াইল্ডকার্ড প্রতিযোগী হিসেবে এন্ট্রি নিয়েছেন সোহেলের প্রাক্তন স্ত্রী সীমা সচদেব। বিচ্ছেদের তিক্ততা ভুলে ক্যামেরার সামনে তাঁদের এই বন্ধুত্বপূর্ণ রসায়ন ইতিমধ্যেই নেটপাড়ায় দারুণ প্রশংসা কুড়োচ্ছে।