রেলগেট খোলা, স্কুলভ্যানে ট্রেনের ধাক্কা, মুর্শিদাবাদে মর্মান্তিক মৃত্যু ৪ জনের
মুর্শিদাবাদ: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদে। রেলগেট খোলা থাকার সুযোগে লাইন পেরোনোর সময় ডাউন লোকালের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল স্কুলভ্যান। শুক্রবার সকালে মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশন ও গোবিন্দপুর…
মুর্শিদাবাদ: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদে। রেলগেট খোলা থাকার সুযোগে লাইন পেরোনোর সময় ডাউন লোকালের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল স্কুলভ্যান। শুক্রবার সকালে মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশন ও গোবিন্দপুর রেলগেটের মাঝে এই মর্মান্তিক ঘটনায় তিন স্কুল পড়ুয়া-সহ মোট চার জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও চার পড়ুয়া ও গাড়ির চালক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। (train accident in Murshidabad)
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকাল ৭টা নাগাদ আজিমগঞ্জ-কাটোয়া শাখার ওই এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঠিক তার আগেই আপ লাইনে হাওড়াগামী নবদ্বীপ এক্সপ্রেস চলে যাওয়ার পর গোবিন্দপুর রেলগেটটি খোলা রেখেই দেওয়া হয়েছিল। গেট খোলা থাকায় চালক গাড়িটি নিয়ে লাইন পার হওয়ার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তেই তীব্র গতিতে ধেয়ে আসে ডাউন নিমতিতা-কাটোয়া লোকাল। ট্রেনের ধাক্কায় গাড়িটি ছিটকে গিয়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিন খুদে পড়ুয়া এবং এক স্থানীয় বাসিন্দা।
ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি এলাকায় পৌঁছায় বহরমপুর থানার পুলিশ। স্থানীয়দের সহায়তায় জখম অবস্থায় চার পড়ুয়া ও চালককে উদ্ধার করে দ্রুত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। জানা গিয়েছে, গাড়িটিতে মোট ১০ জন পড়ুয়া ছিল। হাসপাতালের চিকিৎসাধীন পাঁচ জনের মধ্যে দু’জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
এদিকে এই দুর্ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। রেলের ভূমিকা এবং গেটম্যানের চরম গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, গেটম্যানের দায়িত্বজ্ঞানহীনতার কারণেই এই প্রাণহানি। এমনকি, গেটম্যান নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলেও অভিযোগ তুলেছেন কেউ কেউ। তাঁদের দাবি, গেট বন্ধ না করায় এই ভয়াবহ বিপর্যয় নেমে এল।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ও রেল কর্তৃপক্ষ। কেন রেলগেট খোলা ছিল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রেলের একটি উচ্চপর্যায়ের তদন্তকারী দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।
তৃণমূল থেকে ইস্তফা মণীশ গুপ্তের, শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ! অস্বস্তিতে দল