Murshidabad Rail Accident: সিগন্যালের সমস্যা নেই, গেটম্যানের গাফিলতিতেই মুর্শিদাবাদে বড় দুর্ঘটনা? তদন্তের নির্দেশ রেলের | Eastern Railway Orders Inquiry After School Van Accident in Murshidabad
বহরমপুর: সাতসকালে মুর্শিদাবাদে মর্মান্তিক দুর্ঘটনা (Murshidabad Rail Accident)। রেললাইন পারাপারের সময় পুলকারে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তিন পড়ুয়ার। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও কয়েকজনকে। গোটা ঘটনায় রেলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। গেটম্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার পরই তৎপর পূর্ব রেল (Eastern Railway)। ঘটনার যথাযথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে রেলের তরফে।
কী জানিয়েছে রেল কর্তৃপক্ষ?
পূর্ব রেল জানিয়েছে, এখনও পর্যন্ত সম্পূর্ণ তথ্য তাদের কাছে এসে পৌঁছয়নি। তবে, ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফে বিশেষ টিমও পাঠানো হচ্ছে ঘটনাস্থলে। রেল জানিয়েছে, সিগন্যালের কোনও সমস্যা ছিল না। সেক্ষেত্রে গেটম্যানের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বহরমপুরে কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝে প্রথমে একটি আপ ট্রেন যায়। গেট তুলে দেওয়ার পর ওই পুলকার যেতেই ট্র্যাকে চলে আসে নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন। সেইসময় কোনও গেটম্যান ছিলেন না বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের।
রেলের তরফে জানানো হয়েছে, এই ধরনের রেলগেট যেগুলি মূল ম্যানুয়ালি অপারেট করা হয়, সেগুলিকে ইন্টারলকিং গেট বলা হয়। এক্ষেত্রে গেটম্যান কোথায় ছিল, আদৌ ছিল কি না, থাকলে কোথায় ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। সিগন্যাল ছিল না বলেও অনেকে অভিযোগ তুলেছেন। তবে, রেলের তরফে জানানো হয়েছে, সিগন্যালের কোনও সমস্যা ছিল না। সিগন্যাল মেনেই ট্রেন এসেছে। এখানে গেট ম্যানের ভূমিকাই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
কী বলছেন বহরমপুরের বিজেপি বিধায়ক?
বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র জানিয়েছেন, এতগুলো পড়ুয়ার মৃত্যু মর্মান্তিক ও বেদনাদায়ক। কী কারণে এতগুলো স্কুল পড়ুয়ার প্রাণ গেল, তা রেলের তদন্ত করে দেখা উচিৎ।