Kolkata Airport: আজ জমায়েত নয়, 'পিছু' হটলেন সিদ্দিকুল্লা চৌধুরী! বাঁকড়া মোড়ে আঁটসাঁট নিরাপত্তা | Siddiqullah Chowdhury Calls Off Airport Mosque Protest as Heavy Security Deployed in Bankra - 24 Ghanta Bangla News
Home

Kolkata Airport: আজ জমায়েত নয়, ‘পিছু’ হটলেন সিদ্দিকুল্লা চৌধুরী! বাঁকড়া মোড়ে আঁটসাঁট নিরাপত্তা | Siddiqullah Chowdhury Calls Off Airport Mosque Protest as Heavy Security Deployed in Bankra

Spread the love

কলকাতা: পিছু হটলেন সিদ্দিকুল্লা চৌধুরী? বিমানবন্দরের ভিতরে মসজিদে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে নমাজ পাঠ। ঘটনার প্রতিবাদে মসজিদ চত্বরে জমায়েতের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা চৌধুরী। তবে, সেই কর্মসূচি হঠাৎ বাতিল করে দিলেন সিদ্দিকুল্লা। আজ কোনও প্রতিবাদ কর্মসূচি হচ্ছে না। এদিকে, সকাল থেকেই বাঁকড়া এলাকায় কোনও অশান্তির ঘটনা যাতে না ঘটে, তার জন্য তৎপর পুলিশ। বাঁকড়া মোড় এলাকায় জারি করা হয়েছে ১৬৩ ধারা। দেখা গেল, সকাল থেকেই বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।

বিমানবন্দর অন্দরে মসজিদে নমাজ বন্ধের নির্দেশের পর থেকেই বিতর্ক তৈরি হয়েছে। যদিও, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই স্পষ্ট করে দিয়েছেন, সরকার কাউকে ধর্মপালনে কোনওরকম বাধা দিচ্ছে না। তবে জাতীয় সুরক্ষা ও বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এদিকে, মসজিদে নমাজ পাঠ বন্ধের নির্দেশের তীব্র প্রতিবাদ করেন সিদ্দিকুল্লা চৌধুরী। পাল্টা, মসজিদে আজ জমায়েতের হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে, দেখা গেল সকাল থেকেই বাঁকড়া এলাকা সম্পূর্ণ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর দখলে রয়েছে। আপাতত, দুই কোম্পানি সিআরপিএফ জওয়ান এলাকায় মোতায়েন রয়েছে। বিধাননগর কমিশনারেটের তরফে ২৫০ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। জারি করা হয়েছে ১৬৩ ধারা। অর্থাৎ চারজনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে গার্ডরেল। দমকলের একটি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে। জলকামান, কাঁদানে গ্যাসের শেলও রয়েছে। পুলিশের গাড়িতে মাইকে অনবরত প্রচার করা হচ্ছে।

সিদ্দিকুল্লা চৌধুরীর বাড়ি সংলগ্ন গলিতেও রুটমার্চ করা হচ্ছে। বাইরে থেকে কেউ এলে, তাঁদেরও আটকে দেওয়া হচ্ছে। এদিকে, বাঁকড়া মোড় এলাকায় বিশাল পুলিশ মোতায়েন থাকলেও যান চলাচলে প্রভাব পড়েনি। বাঁকড়া মোড় সংলগ্ন এয়ারপোর্টের রাস্তা সম্পূর্ণ খোলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *