প্যাচপ্যাচে গরমে বহু নারী ভোগেন 'ইনার থাই চ্যাফিং'-এ, কী ভাবে সুস্থ থাকবেন?
গরম ও আর্দ্র আবহাওয়ায় হাঁটতে বেরোনো, অফিসে যাওয়া, শরীরচর্চা করা, দীর্ঘক্ষণ ভ্রমণ কিংবা গর্ভাবস্থায় অনেক নারীরই উরুর ভিতরের অংশে ঘষা লেগে জ্বালা, লালচে ভাব ও অস্বস্তির সমস্যা দেখা দেয়। চিকিৎসা পরিভাষায় এই সমস্যাকেই বলা হয় ইনার থাই চ্যাফিং (Inner Thigh Chafing)। যদিও এই সমস্যা খুবই সাধারণ, তবু অনেকেই লজ্জা বা সংকোচের কারণে এ বিষয়ে খোলাখুলি কথা বলেন না। ঠিক মতো যত্নও নেন না। তাতেই বাড়ে বিপত্তি। বাড়াবড়ি হলে হাঁটাচলা করাটাই দুষ্কর হয়ে দাঁড়ায়।
কেন হয় ইনার থাই চ্যাফিং?
উরুর ভিতরের অংশের ত্বক একে অন্যের সঙ্গে বা পোশাকের সঙ্গে বারবার ঘষা খেলে এই সমস্যা দেখা দেয়। গরমে অতিরিক্ত ঘাম ও আর্দ্রতা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
ঘামের কারণে ত্বক নরম হয়ে যায় এবং সহজেই ঘষা লেগে ক্ষত তৈরি হতে পারে। আবার বাতাস চলাচল করতে পারে না এমন কাপড় পরলে ঘাম আরও বেড়ে যায়, ফলে ত্বকের জ্বালা ও অস্বস্তিও বাড়ে। এর পর হাঁটতে গিয়ে ঘষা লাগলে তখন আরও বেশি কষ্ট হয়। অনেক ক্ষেত্রে ত্বক ফেটে গিয়ে সংক্রমণের ঝুঁকিও তৈরি হতে পারে।
কী ভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন?
চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, সঠিক পোশাক নির্বাচন ও ত্বকের যত্ন নিলে এই সমস্যা অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। অন্তর্বাস প্রস্তুতকারী সংস্থাগুলিও এখন নারীদের অন্তর্বাস তৈরির ক্ষেত্রে শুধু ফ্যাশন নয়, আরাম ও দৈনন্দিন সমস্যার সমাধানকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
কোন লক্ষণগুলি অবহেলা করবেন না?
সাধারণ জ্বালাভাবের পাশাপাশি কিছু লক্ষণ দেখা দিলে অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন।
-
ত্বক লাল হয়ে যাওয়া
-
তীব্র জ্বালা
-
ত্বক ফেটে যাওয়া
-
দীর্ঘদিন ধরে অস্বস্তি বা ব্যথা
-
দুর্গন্ধ হওয়া
এসব লক্ষণ সংক্রমণের ইঙ্গিত হতে পারে। তাই সমস্যা দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
কী ভাবে এই সমস্যা এড়াবেন?
বিশেষজ্ঞদের মতে, কয়েকটি সহজ অভ্যাস মেনে চললে অনেকটাই সুরাহা পাওয়া সম্ভব। যেমন –
-
ঘাম শোষণ করতে পারে এবং বাতাস চলাচল করে এমন কাপড়ের অন্তর্বাস পরুন। ভালো হয় সুতির কাপড় পরলে।
-
আরামদায়ক ও সঠিক মাপের অন্তর্বাস ব্যবহার করুন।
-
সুগন্ধিযুক্ত পাউডার বা ময়েশ্চারাইজ়ার ব্যবহার এড়িয়ে চলুন, কারণ এগুলি অনেক সময় ত্বকে আরও জ্বালা সৃষ্টি করতে পারে।
-
ঘর্ষণ কমাতে প্রয়োজন হলে জ়িঙ্ক অক্সাইডযুক্ত ব্যারিয়ার ক্রিম ব্যবহার করা যেতে পারে।
-
জ্বালাভাব হলে কিছুক্ষণ বরফ সেঁক দিলে আরাম মিলতে পারে।
অন্তর্বাস কেনার সময় হতে হবে সতর্ক?
অন্তর্বাস কেনার সময় শুধু ব্র্যান্ড নয়, কিছু বিষয় মাথায় রাখা জরুরি, যেমন—
-
ঘাম শোষণ করতে সক্ষম ও হাওয়া চলাচল করে এমন কাপড়
-
নরম কোমরের ইলাস্টিক
-
সহজে নড়াচড়া করার মতো নমনীয় কাপড়
-
উরুর ঘর্ষণপ্রবণ অংশ ঢেকে রাখার মতো নকশা
-
দ্রুত শুকিয়ে যায় এমন ফেব্রিক
-
সঠিক মাপের অন্তর্বাস
-
বর্তমানে অ্যান্টি-চ্যাফিং শর্টস, লম্বা ইনারওয়্যার এবং ফোর-ওয়ে স্ট্রেচ ফেব্রিক-এর মতো নতুন প্রযুক্তির পোশাক নারীদের সারাদিন আরামদায়ক থাকতে সাহায্য করছে।
বিশেষজ্ঞদের পরামর্শ, ইনার থাই চ্যাফিং নিয়ে অস্বস্তি বা সংকোচে চুপ না থেকে সঠিক পোশাক, কার্যকর অন্তর্বাস এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিলেই এই সাধারণ কিন্তু বিরক্তিকর সমস্যাকে সহজে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।