পাক সেনার উপরে BLA-এর হামলা
টানা এক মাসে চতুর্থ বার পাক সেনার কনভয়ে হামলা বালোচ বিদ্রোহীদের। পাকিস্তানের অশান্ত বালোচিস্তানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন বালোচ লিবারেশন আর্মি (BLA)-এর হামলায় মৃত্যু হয়েছে প্রায় ৪৫ জন পাক সেনার। আহত বহু। যদিও সেনাপ্রধান আসিম মুনির বা পাকিস্তানের আর্মির তরফে এই হামলা নিয়ে কোনও প্রতিক্রিয়া এখনও মেনেনি।
জুলাই মাসে এটি BLA-র চতুর্থ বড় হামলা বলে দাবি করা হয়েছে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন বালোচ লিবারেশন আর্মি (BLA)-এর বিবৃতি অনুযায়ী, অশান্ত পাকিস্তানের বালোচিস্তানের কালাত জেলায় পাক সেনাবাহিনীর একটি কনভয়ের উপর হামলায় ৪৫ জন সেনা নিহত হয়েছেন। তবে পাকিস্তান সেনাবাহিনী এখনও পর্যন্ত এই মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেনি।
BLA-র দাবি, তাদের বিশেষ ইউনিট ‘ফতেহ স্কোয়াড’ ও ‘মাজিদ ব্রিগেড’ যৌথভাবে এই হামলা চালায়। মুস্তং জেলার খডকোচা এলাকায় সেনার বাসের উপর হামলা চালানো হয়। প্রথমে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি সোজা সেনা কনভয়ে গিয়ে ধাক্কা মারে। তাতেই ছোট গাড়ির ধাক্কায় বিস্ফোরণ ঘটে ওই গাড়িতে। এর পরে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর উপর গুলিবর্ষণ করে। সংগঠনটির বক্তব্য, হামলায় ৪৫ জন পাক সেনা নিহত এবং বহু সেনা আহত হয়েছেন।
তবে পাকিস্তানের তরফে এই দাবি নিয়ে কোনওরকম প্রতিক্রিয়া দেয়নি ইসলামাবাদও। পাল্টা মুনিরের সেনার দাবি সাম্প্রতিক সপ্তাহগুলিতে বালোচিস্তানে সাঁড়াশি অভিযান চালিয়ে ৭৫-৮৮ জন BLA সদস্যকে হত্যা হয়েছে। নিরাপত্তা বাহিনীর দাবি, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির বিরুদ্ধে অভিযান এখনও চলছে।
বালোচিস্তানে গত কয়েক সপ্তাহ ধরে সংঘর্ষের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর আগে উপকূলীয় জিওয়ানি এলাকায় পাকিস্তান কোস্ট গার্ডের ঘাঁটিতে হামলার দায়ও স্বীকার করেছিল BLA। এ ছাড়া পুলিশ পোস্ট, সামরিক ঘাঁটি ও মিলিটারি ইনস্টলেশনকে লক্ষ্য করে একাধিক হামলার চালিয়েছে বালোচ বিদ্রোহীরা।
উল্লেখ্য, খনিজ সম্পদে সমৃদ্ধ বালোচিস্তানে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। BLA-র দাবি, ইসলামাবাদ সরকার বালোচ জনগণের সম্পদ শোষণ করছে। অন্যদিকে পাকিস্তান সরকার BLA-কে একটি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে এবং তাদের বিরুদ্ধে ধারাবাহিক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।