থেকে গেল ছয় ছক্কা, ৩৬৫ নটআউট, চলে গেলের স্যার গ্যারি
ছয় ছক্কায় ইতিহাস
১৯৬৮ সালে সোয়ানসির সেন্ট হেলেন্স মাঠে সোবার্স এমন এক কীর্তি গড়েছিলেন, যা সেই সময় প্রায় অকল্পনীয় ছিল। এক ওভারের ৬টি বলেই ছ’টি ছক্কা হাঁকিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস লিখেছিলেন সোবার্স। আজকের দিনে টি-টোয়েন্টি ক্রিকেটে ছয় ছক্কা দেখা গেলেও, সেই সময়ে এই কীর্তি ছিল অবিশ্বাস্য।
তবে তাঁর পরিচয় শুধু এই একটি রেকর্ডে সীমাবদ্ধ নয়। প্রখ্যাত ক্রিকেটার ও ধারাভাষ্যকার রিচি বেনো তাঁকে বলেছিলেন, ‘বিশ্ব ক্রিকেটে দেখা সবচেয়ে সেরা অলরাউন্ডার।’ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং— তিন বিভাগেই তিনি ছিলেন অনন্য।
৩৬৫ রানের ইনিংসে বিশ্বকে চমকে দেওয়া
মাত্র ১৬ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। প্রতিভার ঝলক এতটাই উজ্জ্বল ছিল যে খুব দ্রুতই ওয়েস্ট ইন্ডিজ়ের জাতীয় দলে সুযোগ পান। ১৯৫৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৩৬৫ রানে অপরাজিত থেকে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের বিশ্বরেকর্ড গড়েছিলেন সোবার্স। সেই রেকর্ড টিকে ছিল ১৯৯৪ সাল পর্যন্ত। পরে ব্রায়ান লারা তা ভাঙলেও সোবার্সের সেই ইনিংস আজও ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা কীর্তি হিসেবে বিবেচিত হয়।