‘ওকে খেলতে যেতে হবে...’, স্কুলবাসে গাছ পড়ে ছেলের মৃত্যু, বিলাপ বকছেন মা - 24 Ghanta Bangla News
Home

‘ওকে খেলতে যেতে হবে…’, স্কুলবাসে গাছ পড়ে ছেলের মৃত্যু, বিলাপ বকছেন মা

Spread the love

মুম্বইয়ের চেম্বুরে স্কুলবাসে মঙ্গলবার দুপুরে ভেঙে পড়ে বিশালাকার গাছ। দুর্ঘটনায় মৃত ১১ বছরের পড়ুয়া বিহান শ্রীবাস্তব। দুর্ঘটনার পরে কেটে গিয়েছে বেশ কয়েক ঘণ্টা। ছেলের মৃত্যুর খবরে শোকে পাথর হয়ে গিয়েছেন বিহানের মা। তিনি শক্ত করে বুকে আঁকড়ে রয়েছেন ছেলের সাধের ক্রিকেট ব্যাট। বারবার তিনি ভাবছেন, বিহান ঠিক ফিরে আসবে এবং ব্যাট নিয়ে খেলতে ছুটবে। বিহান ফিরে এসেছে ঠিকই। কিন্তু ছেলের মুখে ‘মা’ ডাক আর কোনও দিনই শুনতে পাবেন না বিহানের মা।

একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, বিহানের মা জুহি ছেলের ক্রিকেট ব্যাট আঁকড়ে ধরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন। সকলে তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু জুহি যেন অন্য জগতে হারিয়ে গিয়েছেন। প্রতিবেশী রাজি মালহোত্রা জানিয়েছেন, বিহান অত্যন্ত মেধাবী এবং নম্র স্বভাবের ছেলে ছিল। সে ক্রিকেট খেলতে খুব ভালোবাসত। স্কুল থেকে ফিরে প্রায় প্রত্যেকদিন ব্যাট নিয়ে খলতে যেত। বিহান বড় হয়ে ক্রিকেটার হতে চেয়েছিল।

রাজি আরও জানিয়েছেন, বিহান প্রায়ই তাঁদের বাড়িতে আসত। রাজির ছেলে দেবের কাছে ক্রিকেট শেখার আবদার করত। বিহানই ছিল জুহির জগৎ। সব সময় ওকে নিয়ে চিন্তা করত। জুহি এখনও তিনি বিশ্বাস করতে পারছেন না, যে বিহান আর নেই। তিনি কেবল বলে চলেছেন, ‘বিহানের খেলার সময় হয়ে গিয়েছে। ওকে খেলতে যেতে হবে।’

দুর্ঘটনার কবলে পড়া ওই স্কুলবাসের ভিতরে মোট ১৩ জন পড়ুয়া ছিল। দুর্ঘটনার পরে বাসের কন্ডাক্টর এবং স্থানীয়দের তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। সকলকে জীবিত উদ্ধার করা গেলেও বাঁচানো যায়নি বিহানকে। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জৈন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক বিহানকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, আহত পড়ুয়াদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *