Alia Bhatt story: ‘টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনি, মাথায় করণ জোহরের হাত!’ ট্রোলের মুখে পড়ে এ কী লিখলেন আলিয়া ভাট? | Fact Check: The Truth Behind Alia Bhatt’s Alleged Instagram Rant on Alpha Movie Flop and Tumbbad 2
আলিয়া ভাট (Alia Bhatt) এবং শর্বরী ওয়াঘের হাই-ভোল্টেজ স্পাই থ্রিলার ‘আলফা’ চলতি মাসের শুরুতেই মুক্তি পায়। জোরদার প্রচার চললেও, বক্স অফিসে সেভাবে খাতা খুলতে পারেনি এই ছবি। দর্শকদের মিশ্র প্রতিক্রিয়ার মাঝেই সোশাল মিডিয়ায় শুরু হয় আলিয়াকে নিয়ে তীব্র ট্রোলিং। তবে এই বিতর্কের পারদ আরও চড়ে যখন হঠাৎ করেই অভিনেত্রীর প্রোফাইলের একটি তথাকথিত ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট হু হু করে ছড়িয়ে পড়ল নেটপাড়ায়।
ভাইরাল হওয়া সেই স্ক্রিনশটে লেখা, “যারা আমার ছবিকে ফ্লপ বলছ, তোমাদের যোগ্যতা কী? আমি তো কিছু না করেই অ্যাওয়ার্ড কিনে নিতে পারব, কিন্তু তোমাদের কী হবে? ‘টুম্বাড ২’ ছবিটাও আমিই পেলাম, তোমরা কী পেলে? একটা মেয়ের সাফল্য কেউ দেখতে পারে না; আমার মাথার ওপর করণ জোহরের হাত আছে। আমার বাবাও আমার কোনও ক্ষতি করতে পারবে না।”
এমন মারাত্মক এবং অহঙ্কারী বয়ান দেখে স্বাভাবিকভাবেই স্তম্ভিত হয়ে যান নেটিজেনরা। অনেকেই ধরে নেন, লাগাতার ট্রোলে বিরক্ত হয়েই হয়তো আলিয়া নিজের নিয়ন্ত্রণ হারিয়ে এই পোস্ট করেছেন। তবে সুত্রের খবর, আলিয়া ভাট তাঁর অফিশিয়াল হ্যান্ডেল থেকে এমন কোনও পোস্ট কোনওদিনই করেননি। অভিনেত্রীর ভাবমূর্তি কালিমালিপ্ত করতে প্রযুক্তির অপব্যবহার করে এই স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে। এর আগেও কঙ্গনা রানাওয়াত কিংবা রণবীর সিংয়ের মতো প্রথম সারির তারকাদের নাম জড়িয়েও এমন ভুয়ো পোস্ট ভাইরাল করার চেষ্টা হয়েছিল।
#AliaBhatt on her instagram Story, after #Alpha became mega Disaster at box office, what’s your thoughts 😒 pic.twitter.com/xgw99Bho3K
— Nehal Tandel (@NehalSTandel) July 15, 2026
এই ভুয়ো খবরের ডামাডোলের মাঝেই কিন্তু আলিয়া-ভক্তদের জন্য রয়েছে একটা দুর্দান্ত খবর। আলিয়া ভাট সত্যিই প্রবেশ করতে চলেছেন ‘টুম্বাড’-এর সেই চেনা রহস্যময় দুনিয়ায়। অভিনেতা ও প্রযোজক সোহম শাহ নিজেই আলিয়ার সঙ্গে ছবি শেয়ার করে এই জল্পনায় সিলমোহর দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, “একটি নতুন অধ্যায়ের সূচনা। #Tumbbad2-এ তোমাকে স্বাগত, আলিয়া ভাট।”
এই ছবির সিক্যুয়েলে যুক্ত হতে পেরে অভিনেত্রী নিজেও বেশ উচ্ছ্বসিত। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্রথমবার দেখার পর থেকেই ‘টুম্বাড’ ছবিটা তাঁর মনে জায়গা করে নিয়েছিল। সোহম শাহ এবং নওয়াজুদ্দিন সিদ্দিকির মতো পাওয়ারহাউস পারফর্মারদের সঙ্গে এই ডার্ক ফ্যান্টাসি থ্রিলারে কাজ করার জন্য তিনি মুখিয়ে আছেন।
সোশাল মিডিয়ার ট্রোলিং বা ভুয়ো প্রচার, কোনওটাই যে তাঁর কেরিয়ারে বিন্দুমাত্র আঁচড় কাটতে পারছে না, তার প্রমাণ আলিয়ার আগামী প্রজেক্টগুলো। ‘টুম্বাড ২’ ছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে সঞ্জয় লীলা বনশালীর লাভ অ্যান্ড ওয়ার’। যেখানে স্বামী রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। পাশাপাশি রয়েছে ‘ব্রহ্মাস্ত্র ২’-এর কাজও। ভক্তরা সকলে আলিয়ার নতুন কাজ আসার অপেক্ষায়।