US-Iran: হরমুজ়ের প্রহরী এবার আমেরিকা, জাহাজ গেলেই দিতে হবে মোটা কর, ঘোষণা ট্রাম্পের, পাল্টা জবাব ইরানেরও | Donald Trump Announces US Guardian of Strait of Hormuz, Announces 20 percent Cargo Charge - 24 Ghanta Bangla News
Home

US-Iran: হরমুজ়ের প্রহরী এবার আমেরিকা, জাহাজ গেলেই দিতে হবে মোটা কর, ঘোষণা ট্রাম্পের, পাল্টা জবাব ইরানেরও | Donald Trump Announces US Guardian of Strait of Hormuz, Announces 20 percent Cargo Charge

Spread the love

ওয়াশিংটন: হরমুজ প্রণালীর (Strait of Hormuz) ‘অভিভাবক’ এখন থেকে আমেরিকাই (America)। ঘোষণা করে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এখানেই শেষ নয়, হরমুজ দিয়ে যাতায়াতকারী সব পণ্যবাহী জাহাজকে দিতে হবে মোটা কর। এই করের হাত থেকে বাদ যাবে না ভারতও। মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহে হরমুজ প্রণালীকে (Strait of Hormuz) কেন্দ্র করে ফের দড়ি টানাটানি শুরু। ইরানের (Iran-US) দাবি, চুক্তি অনুযায়ী হরমুজে তাদের অধিকার রয়েছে। নিরাপত্তা নিশ্চিত থেকে টোল আদায়ের অধিকার তাঁদেরই। কিন্তু, আমেরিকা নতুন করে কর আরোপ করতেই উত্তেজনা আরও বেড়েছে। কড়া জবাব দিয়েছে তেহরান। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি আবারও মনে করিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীর প্রকৃত রক্ষক বরাবরই ইরান, আমেরিকা নয়।

কত কর চাপাল আমেরিকা?

হরমুজের জাহাজগুলির উপর ২০ শতাংশ কর আরোপ করা হয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। লেখেন, এখন থেকে আমেরিকাকেই হরমুজ প্রণালীর ‘অভিভাবক’ হিসেবে পরিচিত করা হবে। সেই কারণে নিরাপত্তা নিশ্চিত করার খরচ বাবদ হরমুজ দিয়ে যাতায়াতকারী সমস্ত পণ্যবাহী জাহাজের উপর ২০ শতাংশ কর নেওয়া হবে। এই প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে বলেও জানান তিনি।

ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালী খোলা থাকলেও মার্কিন অবরোধ ফের কার্যকর করা হচ্ছে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ১৪ জুলাই বিকেল ৪টা থেকে ইরানের বন্দরগুলিতে সামুদ্রিক যান চলাচলের উপর আবারও অবরোধ কার্যকর করা হবে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) এক্স হ্যান্ডেলে জানিয়েছে, বন্দর বা উপকূলীয় এলাকায় যাতায়াতকারী জাহাজগুলির ক্ষেত্রে এই অবরোধ কার্যকর করবে মার্কিন বাহিনী। পাশাপাশি ওমান উপসাগর এবং হরমুজ প্রণালীর আশপাশে চলাচলকারী জাহাজের নাবিকদের বিশেষ সতর্কতা অবলম্বনেরও পরামর্শ দেওয়া হয়েছে।

ইরানের প্রতিক্রিয়া

এক্স (X) হ্যান্ডেলে পোস্ট করে আব্বাস আরাঘচি লেখেন, “বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করলে তার জন্য পারিশ্রমিক পাওয়া উচিত। এটা ট্রাম্প ঠিকই বলেছেন। তবে হরমুজ প্রণালীর নিরাপত্তা বরাবরই ইরান নিশ্চিত করেছে এবং ভবিষ্যতেও করবে।” এরপরই ট্রাম্পের প্রস্তাবিত ২০ শতাংশ করকে কটাক্ষ করে লেখেন, “২০ শতাংশ অবশ্যই অনেক বেশি। আমরা ন্যায্য কর নেব।”

উল্লেখ্য, এর আগে ১৩ এপ্রিল থেকে ১৮ জুন পর্যন্ত একই ধরনের অবরোধ কার্যকর ছিল। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে অন্তর্বর্তী শান্তি চুক্তি হওয়ার পর তা প্রত্যাহার করা হয়। এদিকে, পশ্চিম এশিয়ায় উত্তেজনা অব্যাহত রয়েছে। হামলা-পাল্টা হামলা চালাচ্ছে দুই দেশ। এরই মধ্যে হরমুজ নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *