চুরি করতে গিয়ে ‘জাঁতাকল’-এ খোদ চোরই, ভাইরাল হলো ভিডিয়ো
চুরি করতে গিয়ে নিজেই ফেঁসে গেল চোর। শাটার ভেঙে বাইরে বেরোতে গিয়ে আটকে পড়ে যুবক। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরির নিচু বাজারে। জানা গিয়েছে, ওই যুবকের নাম রাকেশ গোস্বামী। তাঁর বাড়ি কৃষ্ণনগরের বারুইহুদা এলাকায়।
পুলিশ জানিয়েছে, গত রবিবার রাতে বেথুয়াডহরির নিচু বাজার এলাকায় একটি সাইকেলের দোকানে চুরি করতে ঢুকেছিলেন রাকেশ। দোকানের ছাদ দিয়ে দোকানের ভেতরে ঢুকেছিলেন রাকেশ। এরপরে চুরি করে দোকানের শাটার ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা করেন তিনি। সেই সময়েই ঘটে বিপত্তি। পাশাপাশি অনেকগুলি দোকান এবং বাড়ি লাগোয়া অবস্থায় ছিল। অন্ধকারে ঠাওর করতে না পেরে সাইকেল দোকানের বদলে একটি বাড়ির শাটার ভেঙে বেরোনোর চেষ্টা করেন তিনি।
হাতের লোহার শাবল দিয়ে ওই শাটারটি চাগিয়ে কিছুটা তুলে বেরোতে যান রাকেশ। সেই সময়ে আচমকাই শাটারটি নেমে যায়। মেঝে এবং শাটারের মাঝে আটকে পড়েন রাকেশ। সারারাত ওই ভাবে আটকে পড়েছিলেন তিনি।
পরের দিন সকালে দোকান খোলার সময়ে বিষয়টি নজরে আসে। অভিযুক্তকে শাটারের তলা থেকে বের করা আনেন স্থানীয়রা। তাঁরাই পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই যুবকের শাটারের নীচে আটকে পড়ার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে।