‘আমার বিয়ে করার ইচ্ছা থাকবে না কেন? বিয়ে তো হয়নি’, বললেন সাবিত্রী | Sabitri Chatterjee said that she wants to get married
সম্প্রতি আর্টিস্টস ফোরামের অনুষ্ঠান ‘শ্রদ্ধাঞ্জলি’-তে সম্মান জানানো হয় বেশ কিছু বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রীকে। এর মধ্যে ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। এদিন একটা সময়ে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন আবীর চট্টোপাধ্যায় আর যিশু সেনগুপ্ত। আবীর সাবিত্রীকে জিজ্ঞাসা করেন, ”তুমি তো ক’ দিন আগেও একটা অনুষ্ঠানে গিয়ে বলেছ যে, তোমার এখনও বিয়ে করার ইচ্ছা রয়েছে?” আবীরের এই কথা শুনেই সাবিত্রী বলেন, ”নিশ্চয়ই আছে। আমার বিয়ে করার ইচ্ছা থাকবে না কেন? আমার তো বিয়ে হয়নি!” যিশু তখন বলেন, এমন উত্তর শুনে উপস্থিত সকলের হাততালি দেওয়া উচিত।
এই অনুষ্ঠানে সাবিত্রী যোগ করেন, ”জীবনে ভালো-মন্দ সবই দেখেছি। শুধু ভেবেছি আর হেঁটেছি। অন্ধকার রাস্তা দিয়ে হেঁটেছি। আলোর রাস্তা দিয়ে হেঁটেছি। আজকে হাঁটতে-হাঁটতে এমন একটা মঞ্চে এসে পৌঁছেছি, যে মঞ্চটা ইট-কাঠ-পাথর দিয়ে তৈরি নয়, আপনাদের ভালোবাসা-শুভেচ্ছা দিয়ে তৈরি।” আসলে আর্টিস্টস ফোরামের অনুষ্ঠানে সকলের ভালোবাসা পেয়ে তিনি যে আপ্লুত, সে কথাই জানান সাবিত্রী।
আর্টিস্টস ফোরামের এই অনুষ্ঠানে মঞ্চ থেকে যিশু ঘোষণা করেন, প্রায় ৪০০০ সদস্যকে নিয়ে এই ফোরামের পথচলা। ৪০০০ শিল্পীকে যে বাংলা ছবি বা ধারাবাহিকে নিয়মিত দেখা যায়, তা নয়। তবে বহু শিল্পীই এই ফোরামের সদস্যপদ নিয়েছিলেন কোনও সময়। কেউ-কেউ নিয়মিত কাজ করছেন, আবার কারও কাজ করা থেমে গিয়েছে কিছু কারণে।
বর্ষীয়ান শিল্পীদের সম্মানজ্ঞাপনে যে অনুষ্ঠানের আয়োজন করেছে আর্টিস্টস ফোরাম, তা নিয়ে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রসেনজিত্ চট্টোপাধ্যায়কে একটি চিঠি লিখে শুভেচ্ছাবার্তা পাঠান মুখ্যমন্ত্রী।