Indian Railways Bedroll Theft: এসি কামরায় উঠেই হাত সাফাই, ৪ বছরে ১০৪ কোটি টাকার ক্ষতি রেলের! কোন জিনিস সবথেকে বেশি চুরি হয়েছে জানেন? | Over 1 Crore Bedroll Linens Stolen from Indian Railways in 4 Years, RTI Reveals Passengers Favorite Item for Stealing
নয়া দিল্লি: দূরপাল্লার ট্রেনে যাত্রার অভিজ্ঞতা কম বেশি সকলেরই আছে। জেনারেল বা সেকেন্ড ক্লাস স্লিপারের থেকে বেশ অনেকটা আলাদা হয় এসি কামরা। যারা এসি কামরায় যাতায়াত করেন, তাদের জন্য রেলের তরফ থেকে দেওয়া হয় লিনেন বেড-রোল (linen bedroll)। এতে থাকে দুটি বেডশিট, একটি বালিশ ও তার কভার এবং একটি ফেস টাওয়াল। তবে জানেন কি, এই বেডরোল নিয়েই বিড়ম্বনায় পড়তে হয় রেলকে, কারণ প্রতি এক হাজার যাত্রীর মধ্যে অন্তত একজন যাত্রী এগুলিকে নিজের সম্পত্তি বলে মনে করে ব্যাগে ভরে নিয়ে যান! এইভাবেই কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়ছে রেলওয়ে (Indian Railways)।
কত চুরি হল?
সম্প্রতি একটি তথ্যের অধিকার আবেদন অর্থাৎ আরটিআই-তেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, ২০২২ সালের জানুয়ারি মাস থেকে ২০২৬ সালের মে মাসের মধ্যে অন্তত ১.২৭ কোটি বেডরোলের কোনও না কোনও কিছু চুরি গিয়েছে! তার আগে কোভিডকালে রেলওয়ে বেডরোল দেওয়া বন্ধ রেখেছিল।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সাল থেকে ২০২৫ সালের মধ্যে ট্রেনে বেডরোল চুরির ঘটনা ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভারতীয় রেলওয়ের ৬৯টি ডিভিশনেই আরটিআই করা হয়েছিল, তার মধ্যে ৫৪টি ডিভিশন জবাব দিয়েছে। তাতেই এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
কত ক্ষতি হয়েছে রেলের?
প্রতি হাজার জন যাত্রী পিছু একজনের বেডরোল চুরি অনেকের কাছে সামান্য মনে হলেও, তিলে তিলে ধ্বংস হচ্ছে রেলের সম্পদ। শুধু এই চার বছরে রেলের ১০৪.৫১ কোটি টাকা খরচ হয়েছে চুরি যাওয়া বেডরোলের জন্য। রেলও বিষয়টি নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করেছে। কোনও যাত্রী যদি বেডরোল বা তার কিছু জিনিস নিতে গিয়ে ধরা পড়েন, তবে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেই জানানো হয়েছে।
সবথেকে বেশি কোন জিনিস চুরি হয়েছে?
ট্রেন থেকে চুরি যাওয়া সামগ্রীর মধ্যেও যেন যাত্রীদের বিশেষ পছন্দ আছে। অন্তত তথ্য তাই বলছে। সবথেকে বেশি চুরি হয়েছে ফেস টাওয়াল। কারণ এটি ব্যাগে ঢুকিয়ে নেওয়া সবথেকে সহজ। জানা গিয়েছে, বিগত চার বছরে ৪৬.৪৫ লাখ টাওয়াল চুরি গিয়েছে বিভিন্ন ট্রেন থেকে।
এছাজডা ৪১.১৩ লাখ বেডশিট, ২৩.৫৯ লাখ পিলো কভার ও ১২.৯৫ লাখ কম্বল চুরি হয়েছে। একমাত্র বালিশই যা কম চুরি হয়েছে। চার বছরে ২.৭৬ লাখ বালিশ চুরি গিয়েছে ট্রেন থেকে।
কোন সেকশনে সবথেকে বেশি চুরি হয়েছে?
আরটিআই-র তথ্য অনুযায়ী, রেলের বিকানের ডিভিশনে ২৫.৭৬ লাখ বেডরোল চুরি গিয়েছে। দ্বিতীয় স্থানে আছে রাঁচী, সেখানে ৯.৩১ লাখ বেডরোল চুরি হয়েছে। তৃতীয় স্থানে আছে দিল্লি ডিভিশন, সেখানে ৮.২১ লাখ এবং চতুর্থ স্থানে থাকা মুম্বই ডিভিশনে ৮.১৭ লাখ বেডরোলের বিভিন্ন সামগ্রী চুরি গিয়েছে। যোধপুর ডিভিশনে ৮.০৯ লাখ এবং আহমেদাবাদ ডিভিশনে ৬.৯৪ লাখ বেডরোল চুরি গিয়েছে।