স্বামী রাজের মৃত্যুর পরে ভয়ঙ্কর সেই সময়, স্মৃতিচারণার মুহূর্তে কান্নায় ভেঙে পড়লেন মন্দিরা
জীবনে নানা ওঠাপড়ার সম্মুখীন হয়েছেন অভিনেত্রী তথা সঞ্চালিকা মন্দিরা বেদী। কাটিয়েছেন বেশ কিছু কঠিন সময়। তবে তার মধ্যে ২০২১ সালে স্বামী রাজ কৌশলকে হারানোর যন্ত্রণা এখন প্রতি মুহূর্ত কুড়ে কুড়ে খায় তাঁকে। এমন একটা অবস্থা হয়েছিল, মনোবিদের সাহায্য নিতে হয়েছিল মন্দিরাকে। সেই সময়ে কাটানো দিনগুলো নিয়ে মুখ খুললেন মন্দিরা।
প্রায় ২০ বছর ধরে মনোবিদের সাহায্য নিচ্ছেন তিনি। থেরাপি তাঁর জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। মন্দিরা বলেন, ‘প্রথম ২০ বছর আগে থেরাপি নিতে গিয়েছিলাম। মাকে যখন জানিয়েছিলাম থেরাপি সেশনে যাচ্ছি, প্রথম প্রশ্ন ছিল ‘কেন? কী হয়েছে তোমার?’ আমার মনের মধ্যে যা চলছিল, আমি কাউকে একটা বলতে চেয়েছিলাম। মা যদিও বলেছিলেন তাঁকে বলতে। তবে আমি বলতে পারিনি।’
মনোবিদের কাছে যাওয়া নিয়ে অনেকের মধ্যেই নানা ট্যাবু রয়েছে। তবে যখনই জীবনে কোনও কঠিন সময় এসেছে, তখনই মনোবিদের দ্বারস্থ হয়েছেন মন্দিরা। অভিনেত্রীর কথায়, ‘সবসময়ই আমি উপকার পেয়েছি। স্বামী হারানোর পরে মনোবিদের সঙ্গে কথা বলাই আমায় শোক কাটিয়ে উঠতে সাহায্য করেছে। কারণ, আমাকে সেই সময়ে আবারও থেরাপির আশ্রয় নিতে হয়েছিল।’
পরিচালক রাজ কৌশলকে ১৯৯৯ বিয়ে করেছিলেন মন্দিরা। ২০২১ সালে মাত্র ৫০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজ কৌশলের মৃত্যু হয়। পুত্র বীরের জন্মের পরে এক কন্যাসন্তানকেও দত্তক নিয়েছেন মন্দিরা। স্বামী রাজের মৃত্যুর পরে সন্তানদের একাই মানুষ করছেন অভিনেত্রী।