ধাক্কা মেরে থামল, ফের পিছিয়ে এসে পিষে দিল, নাইটক্লাবের সামনে বেপরোয়া মার্সিডিজের তাণ্ডবে জখম ২
মার্সিডিজ নিয়ে দুই পথচারীকে পিষে দিয়ে পালালেন এক যুবক। শনিবার রাতে চণ্ডীগড়ের অভিজাত সেক্টর ২৬ এলাকার একটি নাইটক্লাবের সামনের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। নিছক দুর্ঘটনা নাকি খুনের চেষ্টা, দেখা হচ্ছে তা-ও।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, আহত দুই যুবকের নাম অমনজিৎ এবং অ্যালান্স প্রীত। সেক্টর ২৬-এর একটি নাইটক্লাবে গিয়েছিলেন তাঁরা। প্রায় মাঝরাতে ক্লাব থেকে বেরোনোর পরে একটি মার্সিডিজ বেপরোয়া গতিতে এসে তাঁদের ধাক্কা মারে। তার পরে থেমে যায়। পরক্ষণে পিছিয়ে এসে আবার ধাক্কা মারে।
গোটা ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে দেখা যাচ্ছে, মাঝরাতেও নাইটক্লাবের সামনে বেশ ভিড় রয়েছে। ক্লাব থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন অনেকেই। আচমকাই ভিড়ের মধ্যে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে একটা মার্সিডিজ। দু’জনকে ধাক্কা মেরে ছিটকে ফেলে দেয়। তার পরেই থেমে যায়। কয়েক মুহূর্তের মধ্যে আচমকাই পিছিয়ে গিয়ে আহত একজনকে ফের পিষে দেয় গাড়িটি।
ওই ব্যক্তি গাড়িতে চাপা পড়লেও কিছুক্ষণের মধ্যে ফের নিজেই উঠে দাঁড়ান। ঘটনায় শোরগোল পড়ে যায়। অনেকেই পুরো দৃশ্য রেকর্ড করেন মোবাইলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সেক্টর ২৬ থানার পুলিশ। আহতদের উদ্ধার করে চণ্ডীগড়ের সরকারি হাসপাতাল GMCH-32-এ ভর্তি করানো হয়। জানা গিয়েছে, দু’জনেরই চিকিৎসা চলছে। তাঁদের শারীরিক পরিস্থিতির উপরে নজর রাখছেন চিকিৎসকরা।
ঘটনার পর থেকে চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির নম্বর এবং চালকের পরিচয় জানার চেষ্টা চলছে। তদন্তকারীদের দাবি, ফুটেজ ও অন্যান্য তথ্যপ্রমাণের ভিত্তিতে খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে।