‘তাই চি ওয়াকিং’ কী? কী ভাবে এই হাঁটা প্র্যাক্টিস করতে হয়?
বর্তমানে সুস্থ জীবনযাপনের অংশ হয়ে উঠেছে ‘তাই চি ওয়াকিং’। মূলত খালি পায়ে ‘তাই চি ওয়াকিং’ অভ্যাস করতে হয়। এ ভাবে হাঁটার জন্য প্রয়োজন শান্ত পরিবেশ ও হালকা পোশাক। প্রথম শরীর সোজা রাখতে হয় এবং গভীর ভাবে শ্বাস নিতে ও ছাড়তে হয়। কাঁধ আলগা রাখতে হয়। শরীরের উপর চাপ দেওয়া চলে না। এ বার খুব ধীর গতিতে, ধীরে ধীরে এক পা সামনে বাড়াতে হয়। পা সামনের দিকে পড়া মাত্রই যে দ্বিতীয় পা তুলবেন, তা করা চলবে না। আগে পায়ের পাতা সম্পূর্ণ মাটি স্পর্শ করবে এবং শরীরের সমস্ত ভার প্রথম পায়ের উপর পড়বে, তার পরে আবার ধীর গতিতে দ্বিতীয় পা তুলতে হবে।
বিশেষজ্ঞদের মতে, এতে শরীর সক্রিয় থাকবে এবং রোগের ঝুঁকি কমবে। এতে শরীরে রক্ত চলাচল বাড়বে এবং হার্টের কার্যকারিতা সচল থাকে। এমনকী স্নায়ুর কার্যক্ষমতাও বৃদ্ধি পায়। তার সঙ্গে কমবে মানসিক চাপও। দীর্ঘায়ুর জন্য আজকাল অনেকেই ‘তাই চি ওয়াকিং’ প্র্যাক্টিস করছেন।