India-Bangladesh: ভুল মানচিত্র! ঢাকায় সেমিনারের মাঝেই গর্জে উঠলেন ভারতের কূটনীতিবিদ, বাংলাদেশকে কড়া বার্তা | Indian Diplomat Objects Seminar in Bangladesh Over Incorrect India Map Showing Kashmir as Part of Pakistan
বাংলাদেশকে কড়া বার্তা Image Credit: Tv9 Bangla
ঢাকা: চলছে আন্তর্জাতিক সেমিনার। একটি প্রেজেন্টেশন দেখানো হচ্ছিল। তাতে জ্বলজ্বল করছিল ভারতের ম্যাপ। আর মঞ্চে তখন বক্তৃতা রাখছিলেন বাংলাদেশের প্রাক্তন হাইকমিশনার। হঠাৎই তাঁর বক্তৃতা থামিয়ে দেন ভারতের এক কূটনীতিবিদ। চোখে আঙুল দিয়ে ভুলটা ধরিয়ে দেন তিনি। দৃঢ় কণ্ঠে বলে ওঠেন, ‘স্যর এটা ভুল ম্যাপ। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ।’ এই ঘটনা প্রকাশ্যে আসতেই কূটনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে।
ঠিক কী দেখানো হয়েছে?
ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (BIISS)-এ একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। সেখানে মূল বক্তা ছিলেন বাংলাদেশের প্রাক্তন হাইকমিশনার আহমেদ তারিক করিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মন্ত্রী শামা ওবায়েদ। ওই সেমিনারেই ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি পূজা ঝা।
জানা গিয়েছে, সেমিনারে প্রেজেন্টেশনের সময় পূজা ঝা লক্ষ্য করেন, প্রদর্শিত মানচিত্রে জম্মু-কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে। বক্তৃতা থামিয়ে আপত্তি জানান। বলেন,”এখানে ভারতের যে মানচিত্র দেখানো হয়েছে, তা ভুল। জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাই এই মানচিত্র তথ্যগতভাবে সঠিক নয়।”
প্রাক্তন হাইকমিশনারের ব্যাখ্যা
ভারতের আপত্তির পর আহমেদ তারিক করিম জানান, মানচিত্রটি শুধুমাত্র প্রতীকী উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। জবাবে পূজা ঝা বলেন,”আমি সেটা বুঝতে পারছি। কিন্তু জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এখানে সেটিকে ভুলভাবে দেখানো হয়েছে। তাই বিষয়টি তুলে ধরা জরুরি ছিল।” পরে করিম ভারতের আপত্তি নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়ে নিজের বক্তব্য চালিয়ে যান।
আঞ্চলিক সহযোগিতার বার্তা বাংলাদেশের
সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের মন্ত্রী শামা ওবায়েদ দক্ষিণ এশিয়ায় আরও গভীর আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দেন। তিনি বলেন, সার্ককে কার্যকর করতে সংগঠনের সক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক শক্তি বাড়ানো এবং বাস্তবমুখী সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন।