Jhargram: ফুঁসছে সুবর্ণরেখা, চোখের নিমেষে তলিয়ে গেল আস্ত ব্রিজ, বিপাকে হাজার হাজার মানুষ | Bridge Washed Away in Subarnarekha river at Jhargram thounsands of people stranded
নদীতে তলিয়ে গেল ব্রিজImage Credit: TV9 Bangla
ঝাড়গ্রাম: একটানা কয়েকদিনের প্রবল বৃষ্টিতে ভয়ঙ্কর রূপ নিল সুবর্ণরেখা নদী। নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের বিস্তীর্ণ এলাকায় কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সুবর্ণরেখার প্রবল স্রোতে দেউলবাড় ও গড়ধরা গ্রামের সংযোগকারী ফেয়ার ওয়েদার ব্রিজ সম্পূর্ণ জলের তলায় চলে গিয়েছে। ফলে বন্ধ হয়ে গিয়েছে যানবাহন। থমকে গিয়েছে নিত্যযাত্রী, স্কুলপড়ুয়াদের যাতায়াত। কৃষক, ব্যবসায়ী সহ হাজার হাজার মানুষের একমাত্র ভরসা এখন নৌকা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সুবর্ণরেখার জলস্তর হু হু করে বাড়তে শুরু করে। নদীর স্রোত এতটাই তীব্র যে মুহূর্তের মধ্যেই ফেয়ার ওয়েদার ব্রিজটি সম্পূর্ণভাবে জলের নীচে তলিয়ে যায়। দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ওই ব্রিজ দিয়ে সব ধরনের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।
এই ব্রিজটি দেউলবাড়, গড়ধরা-সহ আশপাশের একাধিক গ্রামের মানুষের অন্যতম প্রধান যোগাযোগের মাধ্যম। প্রতিদিন এই পথ দিয়েই স্কুল-কলেজের পড়ুয়া, কর্মজীবী মানুষ, কৃষক এবং ব্যবসায়ীরা যাতায়াত করেন। ব্রিজ ডুবে যাওয়ায় তাঁদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। প্রয়োজনের তাগিদে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার করছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর বর্ষা এলেই একই সমস্যার পুনরাবৃত্তি হয়। নদীর জল বাড়লেই ফেয়ার ওয়েদার ব্রিজ জলের নীচে তলিয়ে যায়, ফলে দিনের পর দিন বিচ্ছিন্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। বহুবার স্থায়ী সেতু নির্মাণের দাবি জানানো হলেও এখনও পর্যন্ত সেই দাবি পূরণ হয়নি। তাই প্রতি বর্ষাতেই চরম ভোগান্তিই যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে এলাকার মানুষের।