২৫ মাসে টাকা দ্বিগুণের টোপ দিয়ে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ, হাওড়ায় সংস্থার ডিরেক্টর-সহ ৬ জন ধৃত
তদন্তে পুলিশ জানতে পেরেছে, লগ্নি সংস্থাটি কার্যত চিটফান্ডের মতো করেই পরিচালিত হচ্ছিল। ইতিমধ্যেই হাওড়ার ব্যাটরা, শিবপুর, চ্যাটার্জিহাট, বি-গার্ডেন এবং কলকাতার হেয়ার স্ট্রিট-সহ একাধিক থানায় সংস্থার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের হয়েছে। পুলিশের দাবি, বিভিন্ন মামলায় এখনও পর্যন্ত ১৬ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির তথ্য সামনে এসেছে। শুধু হাওড়া, পূর্ব বর্ধমান, কলকাতা-সহ একাধিক জায়গা থেকে টাকা তোলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, তদন্তকারীরা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রতারণার সঙ্গে জড়িত আরও ব্যক্তি, সংস্থার আর্থিক লেনদেন এবং প্রতারিত বিনিয়োগকারীদের প্রকৃত সংখ্যা সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন। তদন্তের স্বার্থে আরও গ্রেপ্তারের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।