অনলাইনে জঙ্গিবাদ ছড়ানোর অভিযোগে ৯ রাজ্যে NIA তল্লাশি, বাংলাতেও অভিযান
দেশজুড়ে অনলাইনে জঙ্গি মৌলবাদ ছড়ানোর অভিযোগের তদন্তে বড়সড় অভিযান চালাল NIA। বুধবার পশ্চিমবঙ্গ-সহ মোট ৯টি রাজ্যের ২০টি জায়গায় তল্লাশি চালিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। সরকারের বিরুদ্ধে হিংসাত্মক ‘জিহাদ’-এর মাধ্যমে ভারতে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্রের তদন্তে এই অভিযান বলে জানিয়েছে NIA।
ANI প্রতিবেদন অনুযায়ী, তদন্তকারী সংস্থা সূত্রে খবর, উত্তরপ্রদেশের পাঁচটি, অন্ধ্রপ্রদেশের চারটি, মহারাষ্ট্রের তিনটি, দিল্লির ২টি এবং বিহার, রাজস্থান, কর্নাটক, গুজরাট, তেলঙ্গানা ও পশ্চিমবঙ্গের একটি করে জায়গায় একযোগে তল্লাশি চালানো হয়েছে। এই তল্লাশিতে একাধিক ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। NIA জানিয়েছে, সেগুলির ফরেন্সিক পরীক্ষা করে আরও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা করা হবে।
চলতি বছরের ১৩মে বিজয়ওয়াড়া পুলিশের হাত থেকে এই মামলার তদন্তভার নেয় জাতীয় তদন্তকারী সংস্থার (NIA) বিশাখাপত্তনম শাখা। তারপরে মামলা রুজু হয়। এখনও পর্যন্ত এই মামলায় ১১ জন অভিযুক্ত এবং এক নাবালককে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্তকারীরা জানাচ্ছেন, চলতি বছরের মার্চে মূল অভিযুক্ত রহমতুল্লা শরীফ মহম্মদ নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে AQIS (Al-Qaeda in the Indian Subcontinent) এবং ISIS সম্পর্কিত একাধিক আপত্তিকর নথি উদ্ধার করেছিল বিজয়ওয়াড়া পুলিশ। তার ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছিল। NIA সূত্রের খবর, আগে যে ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। তার ভিত্তিতে বুধবারের অভিযান চলেছে।
তদন্তে উঠে এসেছে, ধৃতরা এবং এই চক্রে জড়িত বাকিরা দেশের বিভিন্ন প্রান্তের যুবকদের লক্ষ্য করে অনলাইনে হিংসাত্মক প্রচার, উগ্র মৌলবাদী মতাদর্শ এবং ভুয়ো তথ্য ছড়ানোর কাজ করত। বিদেশে থাকা হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত এরা। ভারতবিরোধী ষড়যন্ত্রে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। দেশে অস্থিরতা তৈরি করার লক্ষ্য ছিল এদের।