জবাবি বুলেটে বিনাশ! অস্ত্র কেড়ে নিয়ে গুলি, পাল্টা দু’রাউন্ড পুলিশেরও
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গোটা দিন ও তার পরে সন্ধেয় জিজ্ঞাসাবাদ করার পরে রাত পৌনে ১টা নাগাদ বারুইপুর থানা থেকে মামলার তদন্তকারী অফিসার, ইনস্পেক্টর জয়ন্ত পোদ্দারের নেতৃত্বে পুলিশের পাঁচ-ছ’জনের একটি দল প্রভাসকে নিয়ে গাড়িতে রওনা হয়। থানা থেকে নয়-সাড়ে নয় কিলোমিটার দূরে, একটি রেলগেটের সামনে গাড়ি দাঁড় করিয়ে রেখে বাকি পথটুকু পুলিশকর্মী ও অফিসাররা প্রভাসকে হাঁটিয়ে নিয়ে অকুস্থলে পৌঁছন। ওই গ্রাম ও পাড়া প্রভাসের, গোটা তল্লাট তারই পরিচিত এবং এই কারণেই ঘটনার পুনর্নির্মাণ করাতে প্রথমে প্রভাসকে নিয়ে যাওয়া হয়েছিল বলে তদন্তকারীদের একাংশ জানিয়েছেন। ঘটনাস্থলে পৌঁছনোর পরে পুনর্নির্মাণ করানোর প্রস্তুতিতে কিছুক্ষণ যায়। পুলিশের একটি সূত্রের খবর অনুযায়ী, অন্ধকারের সুযোগ নিয়ে অভিযুক্ত হঠাৎই ধাক্কাধাক্কি শুরু করে এবং ধাক্কা দিয়ে এক জন পুলিশকর্মীকে সে ফেলে দেয়। তার পরেই, পুলিশের ওই দলে থাকা ক্যানিং থানারর অ্যান্টি রাউডি অফিসার, (এআরও বা ক্রাইম অফিসার) সাব-ইনস্পেক্টর রনি সরকারের কোমর থেকে সার্ভিস পিস্তল ছিনিয়ে নেয় প্রভাস এবং পুলিশের দল কিছু বোঝার আগে তাদের লক্ষ্য করে সে এক রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশের কারও গায়ে সেই গুলি লাগেনি।