মিশরকে উড়িয়ে বিশ্বকাপের শেষ আটে মেসির আর্জেন্তিনা
ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ০-২ পিছিয়ে ছিল আর্জেন্তিনা। কিন্তু লিওনেল মেসির টিম আরও একবার প্রমাণ করল, এ ভাবেও ফিরে আসা যায়। টিমগেমে ভরসা রেখে দুরন্ত কামব্যাক করল নীল-সাদা ব্রিগেড। ১৪ মিনিটের মধ্যে এল শেষ তিন গোল। মিশরকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল আর্জেন্তিনা। দারুণ লড়াই করেও শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো মোহামেদ সালাহ্র মিশরকে। আর্জেন্তিনার হয়ে গোল করলেন ক্রিশ্চিয়ান রোমেরো, মেসি এবং এনজ়ো ফের্নান্দেস।