নাগার্জুন-টাবুর উত্তাল প্রেম, বিচ্ছেদের গুঞ্জন! ২৮ বছর পর একসঙ্গে কাজ করছেন | Tabu to play villain opposite Nagarjuna as duo reunites after 28 years - 24 Ghanta Bangla News
Home

নাগার্জুন-টাবুর উত্তাল প্রেম, বিচ্ছেদের গুঞ্জন! ২৮ বছর পর একসঙ্গে কাজ করছেন | Tabu to play villain opposite Nagarjuna as duo reunites after 28 years

Spread the love

প্রায় তিন দশক পর আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে তাবু ও টলিউড তারকা নাগার্জুনকে। তাঁরা অভিনয় করছেন আসন্ন ছবি ‘কিং১০০’-তে। এবার শোনা যাচ্ছে, এই ছবিতে তাবুকে দেখা যাবে খলনায়িকার চরিত্রে। এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘কিং১০০’ ছবিতে তাবু একটি খলচরিত্রে অভিনয় করছেন।

কয়েক দিন আগে তাবু তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবির শুটিং সেটের একাধিক ছবি শেয়ার করেছিলেন। ছবিগুলিতে তাঁকে টিমের সদস্যদের সঙ্গে হাসিখুশি ও স্বস্তির মুহূর্তে দেখা যায়। শুটিংয়ের প্রথম পর্ব শেষ হওয়ার পর তিনি কয়েকটি সেলফি পোস্ট করেন।

নাগার্জুন ও তাবু প্রথম একসঙ্গে কাজ করেছিলেন ১৯৯৬ সালের তেলুগু রোম্যান্টিক-ড্রামা ছবি ‘নিন্নে পেল্লাদাতা’-তে, যা বড় সাফল্য পেয়েছিল। পরে তাঁদের ‘সিসিন্দ্রি’ এবং ‘আভিডা মা আভিডে’ ছবিতে একসঙ্গে দেখা যায়। এরপর দীর্ঘ সময় তাঁরা আর কোনও ছবিতে একসঙ্গে কাজ করেননি। ‘কিং১০০’-এর মাধ্যমে আবারও তাঁদের জুটি বড় পর্দায় ফিরছে। তাবুকে সম্প্রতি দেখা গিয়েছিল ‘ভূত বাংলা’ ছবিতে। ছবিতে তাঁর সহ-অভিনেতা ছিলেন অক্ষয় কুমার এবং পরিচালনা করেছেন প্রিয়দর্শন। তাবু নিয়মিত ছবি করলেও, ২৮ বছর পর নাগার্জুনের সঙ্গে তাঁর বড়পর্দায় ফেরার বিষয়টা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে।

তাবুর সঙ্গে নাগার্জুনের উত্তাল প্রেমের গুঞ্জন ছিল ছবির দুনিয়ায়। তাবু নাকি এই নায়কের সঙ্গে সম্পর্ক এবং বিচ্ছেদের কারণে, আর কোনওদিন বিয়ে করেননি, সেরকম চর্চা ছিল। তবে তাবু নিজে বলেন, নাগার্জুন তাঁর শুধুই কাছের মানুষ। আবার এটা ঠিক, একটা সময়ে দু’ জনের একসঙ্গে কাজ আসা বন্ধ হয়ে গিয়েছিল। যখন প্রেম হয়, নাগার্জুন বিবাহিত ছিলেন। সেই কারণে তাবুর সঙ্গে সম্পর্ক পরিণতি পায়নি, এমনও মনে করেন কেউ-কেউ। তাই এই দুই তারকাকে একসঙ্গে বড়পর্দায় দেখা গেলে, তা নিয়ে চর্চা চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *