দক্ষিণবঙ্গে কিছুটা কমেছে বৃষ্টির তেজ, কেমন থাকবে কলকাতা?
কলকাতা: টানা দু’দিনের বৃষ্টির পর মঙ্গলবার সকাল থেকে আকাশ কিছুটা পরিষ্কার হওয়ায় স্বস্তি পেলেন শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়…

কলকাতা: টানা দু’দিনের বৃষ্টির পর মঙ্গলবার সকাল থেকে আকাশ কিছুটা পরিষ্কার হওয়ায় স্বস্তি পেলেন শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বড়সড় কোনো বর্ষণের সম্ভাবনা নেই। তবে বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। (kolkata north bengal rain alert)
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের ধারা বজায় থাকলেও তা কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা
দক্ষিণবঙ্গে বৃষ্টির তেজ কিছুটা কমলেও, উত্তরবঙ্গে ফের বাড়ছে বর্ষার দাপট। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যার জেরে নদীগুলির জলস্তর বৃদ্ধি ও পার্বত্য এলাকায় ধসের ঝুঁকি রয়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
