Suvendu Adhikari: স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ, ঘোষণা শুভেন্দুর | Suvendu Adhikari Announces Shyama Prasad Mukherjee Will Be Included in West Bengal School University Syllabus - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari: স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ, ঘোষণা শুভেন্দুর | Suvendu Adhikari Announces Shyama Prasad Mukherjee Will Be Included in West Bengal School University Syllabus

Spread the love

কলকাতা: বাংলার পাঠ্যবইয়ে পশ্চিমবঙ্গ দিবসের ইতিহাস, শ্যামাপ্রসাদের ভূমিকা অন্তর্ভুক্ত করা হোক। বারবার দাবি তুলেছেন শুভেন্দু-সরকারের নেতা-মন্ত্রীরা। মুখ্যমন্ত্রীকে আর্জি জানিয়েছিলেন, আগামী প্রজন্মের জন্য শ্যামাপ্রসাদকে পাঠ্যপুস্তকে রাখা প্রয়োজন। এবার শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীতে শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিলেন, বাংলার সিলেবাসে যুক্ত হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের স্তর পর্যন্ত পাঠ্যবইয়ে থাকবেন শ্যামাপ্রসাদ।

কী ঘোষণা শুভেন্দুর? 

আজ শ্যামাপ্রসাদের জন্ম-জয়ন্তী উপলক্ষ্যে মিত্র ইনস্টিটিউশনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তিনি ঘোষণা করেন, আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়। শুভেন্দু বলেন, “আগামী শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবাংলার পাঠ্যপুস্তকে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সৃষ্টি, রাষ্ট্রপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা, বিশেষ করে পশ্চিমবঙ্গ ভূমিকে ভারত মাতার চরণে আশ্রয় নেওয়ার যে সুযোগ করে দিয়েছিলেন, সেই ভারত কেশরীর ভূমিকা সম্পর্কে বর্তমান প্রজন্মকে জানাতে হবে।”

পাঠ্যপুস্তকে শ্যামাপ্রসাদ

কোন কোন বিষয়কে পাঠ্য়পুস্তকে রাখা হবে? শুভেন্দু অধিকারী জানান,শ্যামাপ্রসাদের কর্মজীবন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাপ্রসারে তাঁর যে যোগদান, অবদান, তা সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে। মুখ্যমন্ত্রীর মতে, শ্যামাপ্রসাদের অবদান বিদ্যালয়ের সিলেবাস ব্যবস্থা থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মুদ্রিত, পঠিত ও চর্চিত হওয়া উচিৎ।

মিত্র ইনস্টিটিউশনের জন্য অনুদান

একইসঙ্গে শ্যামাপ্রসাদের স্কুল মিত্র ইনস্টিটিউশনের সংস্করণে অনুদানেরও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী জানান, স্কুলটার অবস্থা ভাল নয়। এর আগে কেউ নজর দেয়নি। এলাকার বিধায়ক হিসেবে তাঁকেই ভাবতে হবে। স্কুলের জন্য ২৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন। পাশাপাশি জিরাটে শ্যামাপ্রসাদের লাইব্রেরি তৈরি করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *