Narendra Modi: ‘দেশের অখণ্ডতা রক্ষায় আত্মত্যাগ করেছেন শ্যামাপ্রসাদ’, কলম ধরলেন মোদী | PM Narendra Modi Pays Tribute to Shyama Prasad Mukherjee on His 125 Birth Anniversary, Calls Him a Nation Builder
নয়া দিল্লি: ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyama Prasad Mukherjee) ১২৫ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। শ্যামাপ্রসাদকে দেশ গড়ার অন্যতম কারিগর বলে সম্বোধন করেছেন তিনি। তাঁর অবদানকে স্মরণ করে এক্স হ্যান্ডেলে পোস্টও করেন মোদী। লেখেন, “আজ দেশ অখণ্ড ভারতের অন্যতম স্বপ্নদ্রষ্টা এবং মহান শিক্ষাবিদ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন করছে। শক্তিশালী ও আত্মনির্ভর ভারত গড়ায় তাঁর যে দূরদর্শী ভাবনা ছিল, তা আজও আমাদের নতুন উদ্দীপনা জোগাচ্ছে।” একইসঙ্গে শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানাতে কলমও ধরলেন প্রধানমন্ত্রী।
শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা মোদীর
শ্যামপ্রসাদকে নিয়ে একটি দীর্ঘ প্রবন্ধ লিখেছেন মোদী। শ্রদ্ধা জানিয়ে লেখেন, ” আজ, ৬ জুলাই জাতীয়তাবাদ এবং নিঃস্বার্থ সেবার আদর্শে বিশ্বাসী কোটি কোটি দেশবাসীর কাছে বিশেষ একটি দিন। আজ আমরা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী পালন করছি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ব্যক্তিত্ব ছিল পাণ্ডিত্য, জনসেবা এবং উচ্চ নৈতিক মূল্যবোধের এক অসাধারণ মিশ্রণ। আধুনিক ভারতের খুব কম নেতার মধ্যেই এতগুলি গুণ একসঙ্গে দেখা যায়।”
দেশ সেবায় নিয়োজিত শ্যামাপ্রসাদ
কীভাবে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন শ্যামাপ্রসাদ, তা তুলে ধরেন মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, স্বচ্ছ্বল পরিবারের জন্মগ্রহণ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু তিনি বেছে নিয়েছিলেন ত্যাগের জীবন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন থেকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই…সরব হয়েছেন শ্যামাপ্রসাদ। কখনও নীরব দর্শক হয়ে থাকেননি। মোদী আরও জানান, এই কঠিন পথ চলায় তাঁকে অনেক ব্যক্তিগত শোকও সহ্য করতে হয়েছিল। প্রথমে তিনি তাঁর ছোট সন্তানকে হারান, পরে তাঁর স্ত্রীরও মৃত্যু হয়। কিন্তু এই মর্মান্তিক পরিস্থিতিতেও কখনও ভেঙে পড়েননি। দেশ সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন।
শ্যামাপ্রসাদের অবদান স্মরণ
দেশের জন্য শ্যামাপ্রসাদের অবদানকে স্মরণ করেছেন মোদী। লেখেন, “ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য ছিল ভারতের ঐক্য ও অখণ্ডতা রক্ষা করা। দেশভাগের সময় পশ্চিমবঙ্গকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধরে রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কয়েক বছর পরে একই উদ্দেশ্যে তিনি জম্মু ও কাশ্মীর ইস্যুতেও আন্দোলনে সামিল হন। নজরবন্দি অবস্থাতেও তাঁকে তাঁর আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি কেউ।” শিক্ষাক্ষেত্র ও শিল্পেও শ্যামাপ্রসাদের অবদানকে তুলে ধরেন মোদী।