Cristiano Ronaldo last world cup: 'স্পেন ম্যাচ যেন শেষ না হয়...' শেষ ষোলোয় নামার আগে নিজের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী রোনাল্ডো! | Cristiano Ronaldo will retire from international football after this world cup - 24 Ghanta Bangla News
Home

Cristiano Ronaldo last world cup: ‘স্পেন ম্যাচ যেন শেষ না হয়…’ শেষ ষোলোয় নামার আগে নিজের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী রোনাল্ডো! | Cristiano Ronaldo will retire from international football after this world cup

Spread the love

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোImage Credit: Getty Images

ডালাস : ম্যাচ থাকুক কি না থাকুক, তাঁকে নিয়ে আলোচনা সর্বত্র। ম্যাচ জিতলেও ট্রোল, হারলেও ট্রোল। কেন তিনি পেনাল্টিতে গোল করেন, কেন গোল না পেলে এত আগ্রাসী হয়ে যান – সর্বত্র চর্চা হয় তাঁকে ঘিরে। কিন্তু তিনি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এসব নিয়ে খুব একটা ভাবুক নয়। বিগত ২০ বছরেরও বেশি লম্বা কেরিয়ারে এই নিয়ে অনেক ভাবার সময় ছিল তাঁর কাছে। তাঁর ‘অ্যাটিটিউড’ নিয়ে খরচ আছে কপির পর কপি, শব্দের পর শব্দ। তবে কোনোকিছুই রোনাল্ডোকে খুব একটা ভাবায় না। আজ, সোমবার রাতে স্পেনের বিরুদ্ধে মহাযুদ্ধে নামবে পর্তুগাল। মহাযুদ্ধ কারণ, যেহেতু এটি শেষ ১৬-র ম্যাচ, তাই আজ জিতলে কোয়ার্টার ফাইনালে যাবে পর্তুগাল। হারলেই বিদায়। রোনাল্ডোর এখন বয়স ৪১, চার বছর পর হবে ৪৫। খুব স্বাভাবিকভাবেই, তখন আর বিশ্বকাপে খেলবেন না তিনি। তবে এবার ম্যাচের আগে রোনাল্ডো নিজেই জানালেন নিজের ‘লাস্ট ড্যান্স’-এর কথা।

স্পেনের বিরুদ্ধে নামার আগে সাংবাদিক সম্মেলনে রোনাল্ডো বলেন,“আমি এই বিশ্বকাপ উপভোগ করছি। এটাই আমার শেষ বিশ্বকাপ। তবে আশা করছি, আগামীকালের ম্যাচ আমার শেষ ম্যাচ যেন না হয়। একদিন না একদিন আন্তর্জাতিক ফুটবল থেকে সরে যেতেই হবে। কিন্তু আমি সৎভাবেই বলছি, আগামীকাল যাই ঘটুক না কেন, আমি সম্পূর্ণ তৃপ্ত মন নিয়েই মাঠ ছাড়ব। আমি ফুটবলের জন্য সব কিছু উজাড় করে দিয়েছি। আমার আর কিছু প্রমাণ করার নেই। আমার জীবন খুব সুন্দর ভাবে এগিয়ে চলেছে। কিন্তু আমি এখনও খেলছি শুধুমাত্র আবেগের টানে। আমি ফুটবল ভালবাসি বলেই খেলি।”

এই বিশ্বকাপে নিজের অভিজ্ঞতা নিয়ে রোনাল্ডো আরও বলেন,“এই বিশ্বকাপ আমার কাছে অসাধারণ ছিল। আমার জীবনে আমি যতগুলো বিশ্বকাপ খেলেছি, তার মধ্যে এই ২০২৬ সালের বিশ্বকাপই আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে কারণ এখানে মানুষের যে আবেগ ও ভালবাসা দেখছি, তা সত্যিই অনন্য। কেন জানি না, শরীরের পাশাপাশি আবেগের দিক থেকেও এটা আমার শেষ বিশ্বকাপ। প্রতি মুহূর্ত আমি শুধু উপভোগ করতে চাই।” আজ পর্তুগাল বনাম স্পেন ম্যাচে যারা জিতবে, তারা কোয়ার্টার ফাইনালে খেলবে আমেরিকা বনাম বেলজিয়াম ম্যাচের বিজয়ীর সঙ্গে। তবে রোনাল্ডো চাইছেন, যেহেতু গতবছর এই স্পেন দলকেই হারিয়ে নেশন্স লিগ পেয়েছিল পর্তুগাল, তাই আজকেও ইয়ামালদের হারিয়ে শেষ আটে উঠতে চান তাঁরা।

২০০৬ সাল থেকে শুরু করে এটি তাঁর ষষ্ঠ বিশ্বকাপ। ক্লাব ফুটবলের হয়ে সব ধরণের ট্রফি পেয়েছেন রোনাল্ডো। সে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ হোক, বা রিয়ালের হয়ে লা লিগা, জুভেন্টাসের হয়ে সিরি এ ইত্যাদি। কেরিয়ারে ৫ বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ পেয়েছেন তিনি। দেশের হয়ে জিতেছেন ২০১৬ ইউরো কাপ, ২০১৯ ও ২০২৫ নেশন্স লিগ। অধরা একমাত্র বিশ্বকাপ। সেটা জিতলেই ফুটবলের কেরিয়ারে ষোলোকলা পূর্ণ হবে তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *