তেল উৎপাদন বাড়ানোর ভাবনা ওপেক দেশগুলির
এই সময়: বিশ্বে তেলের জোগান বাড়ানোর জন্য উৎপাদন বৃদ্ধির পথে এগোচ্ছে তেল উৎপাদনকারী দেশগুলির সংগঠন ওপেক। সংগঠনের সদস্য দেশগুলির মধ্যে অগস্ট থেকে উৎপাদন কোটা আরও কিছুটা বাড়ানোর বিষয়ে প্রাথমিক ঐকমত্য তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট প্রতিনিধিরা জানিয়েছেন। রবিবার ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিক ভাবে অনুমোদিত হলে সৌদি আরব ও রাশিয়ার নেতৃত্বাধীন সাতটি প্রধান উৎপাদনকারী দেশ দৈনিক অতিরিক্ত ১ লক্ষ ৮৮ হাজার ব্যারেল তেল উৎপাদনের অনুমতি পাবে। এর ফলে কয়েক বছর আগে উৎপাদন কমানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা প্রত্যাহারের প্রক্রিয়া আরও এক ধাপ এগোবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে তেলের জোগান বৃদ্ধির সম্ভাবনা তৈরি হওয়ায় দামের উপরেও নতুন করে চাপ তৈরি হতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা।