কেমন চলছে গ্রামীণ রোজগার প্রকল্প, নিজেই দেখলেন মন্ত্রী
এই সময়, নয়াদিল্লি: ১ জুলাই থেকে সারা দেশে শুরু হয়েছে ১২৫ দিনের কাজের গ্যারান্টি–যুক্ত গ্রামীণ রোজগার প্রকল্প ‘ভিবি–জি রাম জি’৷ এই আবহেই রবিবার ভিডিয়ো কনফারেন্সে দেশের সব রাজ্যে চালু হওয়া ওই প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় কৃষি এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান৷
পাশাপাশি বৈঠকে উপস্থিত সব রাজ্যের গ্রামোন্নয়ন এবং কৃষি ক্ষেত্রের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের তিনি নির্দেশ দিয়েছেন — এই প্রকল্পে কোনও ভাবেই যাতে একজন শ্রমিকের দৈনিক মজুরি ৩০০ টাকার কম না হয়, তা দেখতে হবে প্রতিটি রাজ্যকে।
আগে শিবরাজ জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে রূপায়িত এই কেন্দ্রীয় প্রকল্পে দেশের সমস্ত গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের খাতে গড়ে ২ কোটি টাকা দেওয়া হবে৷ এ দিন তিনি প্রকল্পের প্রথম কিস্তি বাবদ সব রাজ্যের হাতে মোট ২৫,৮৬৩ কোটি টাকা প্রদান করার কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী। এর মধ্যে পশ্চিমবঙ্গের প্রাপ্য ১২৬৪.৪৯ কোটি টাকা৷ এর আগে দেশে যখন মনরেগা প্রকল্প চালু ছিল, তখন পশ্চিমবঙ্গ–সহ দেশের বিভিন্ন বিরোধী শাসিত রাজ্যে বিপুল পরিমাণ দুর্নীতির অভিযোগ উঠেছে৷
তাই দেশের সব রাজ্যকে দুর্নীতি–মুক্ত করতে ভিবি–জি রাম জি প্রকল্প পরিচালনার উপরে জোর দিচ্ছেন খোদ গ্রামোন্নয়ন মন্ত্রী। রবিবারের বৈঠকে শিবরাজ বলেন, ‘ভিবি–জি রাম জি প্রকল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের মজুরি দিতে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য রাজ্যগুলিকে আগাম অর্থ প্রদান করা হয়েছে৷’