Kangana-Shahrukh: শাহরুখের ছবির অফার ফিরিয়ে দেন, স্ট্রাগলের তুলনা টানেন! আবার শাহরুখের প্রসঙ্গ টেনে কী ঘটালেন কঙ্গনা? | Rejection to Evaluation: Kangana Ranaut Evokes Shah Rukh Khan to School Dheeraj Dhoopar in Lock Upp 2
বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান (Shah Rukh Khan)-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করার স্বপ্ন দেখেন বহু অভিনেতা। কিন্তু সেই কিং খানেরই ‘জিরো’ ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন বলিউড ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত। শুধু তাই নয়, অতীতে নিজের স্ট্রাগলের খতিয়ান দিতে গিয়েও তিনি দাবি করেছিলেন, দিল্লির কনভেন্টে পড়া শাহরুখের চেয়ে হিমাচলের প্রত্যন্ত গ্রাম থেকে আসা তাঁর নিজের লড়াই অনেক বেশি কঠিন ছিল। সেই কঙ্গনাই এবার রিয়ালিটি শো ‘লক আপ সিজন ২’-এর মঞ্চে ফের টেনে আনলেন শাহরুখের প্রসঙ্গ। ঠিক কী ঘটেছে?
টেলিভিশন ইন্ডাস্ট্রিতে অভিনেতা ধীরাজ ধূপারকে অনেকেই ভালোবেসে ‘টেলিভিশনের শাহরুখ’ বলে ডাকেন। আর এই বিষয়টিই কঙ্গনার মনে খটকা তৈরি করেছিল। ‘লক আপ’-এর মঞ্চে ‘জনতার আওয়াজ’ হয়ে পা রাখতেই প্রথম সপ্তাহের মূল্যায়নে ধীরাজকে কাঠগড়ায় দাঁড় করান সঞ্চালক কঙ্গনা। সোজা সাপটা ভাষায় প্রশ্ন করেন, “তুমি তো নিজেকে শাহরুখ খান বলতে? শাহরুখের মধ্যে সবচেয়ে বড় গুণ কী জানো? ওঁর মধ্যে একটা ‘মেন ক্যারেক্টার এনার্জি’ (নায়কোচিত ভাব) আছে। আর আশ্চর্যের বিষয় হল, তোমার মধ্যে সেই এনার্জিটা বিন্দুমাত্র নেই! তুমি ক্রমশ সাইডলাইন হয়ে যাচ্ছ।”
- কী বলেছেন অভিনেত্রী?
কঙ্গনার এই মন্তব্যে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে বিনোদন দুনিয়ায়। ধীরাজ অবশ্য নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই আত্মপক্ষ সমর্থন করার চেষ্টা করেন। কিন্তু শো-এর সহ-সঞ্চালক ফারাহ খানও কঙ্গনার সুরেই সুর মেলান। ফারাহ স্পষ্ট বলেন, শ্রেয়া কালরার সঙ্গে ঝগড়ার সময়টুকু বাদ দিলে ধীরাজের মধ্যে কোনও স্পার্ক দেখা যায়নি। উল্টে সহ-বন্দি রাম কাপুরের আলসেমি এবং নাক ডাকার স্বভাব ধীরাজকেও প্রভাবিত করছে বলে তোপ দাগেন তাঁরা। এমনকি শো-কে গুরুত্ব না দেওয়ার জন্য রাম কাপুরকেও আচ্ছা করে ধমক দেন কঙ্গনা।
এদিকে স্বামীর এই চরম অপমান মেনে নিতে পারেননি ধীরাজের স্ত্রী ভিনি। তিনি সোশাল মিডিয়ায় গর্জে উঠে জানান, ধীরাজ বছরের পর বছর ধরে পুরস্কার জিতে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন, তিনি সস্তা ফুটেজ চান না। তবে প্রথম সপ্তাহে শ্রেষ্ঠা আইয়ার বিদায় নেওয়ার পর এবং সুনীতা আহুজা, শিভাঙ্গী জোশী, হর্ষদ চোপড়াদের উপস্থিতিতে ‘লক আপ’-এর অন্দরমহল যে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে, তা বলাই বাহুল্য।
