হুল দিবসের সরকারি অনুষ্ঠানের মঞ্চে তৃণমূল নেত্রী, ফিরে গেলেন পদ্ম–বিধায়ক
প্রতি বছর ৩০ জুন রাজ্যজুড়ে হুল দিবস উদযাপন করা হয়। সেই উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এদিন আয়োজন করা হয়েছিল এক অনুষ্ঠানের। এসেছিলেন তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি। উপস্থিত ছিলেন পুলিশ সুপার পাপিয়া সুলতানা, মেদিনীপুরের বিধায়ক শঙ্করকুমার গুছাইত, কেশিয়াড়ির বিধায়ক ভদ্র হেমব্রম-সহ একাধিক জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তা। অনুষ্ঠান চলাকালীন পৌঁছে যান নারায়ণগড়ের বিজেপি বিধায়ক রমাপ্রসাদ গিরি। তবে মঞ্চে জেলা সভাধিপতিকে দেখে না উঠেই তিনি বেরিয়ে যান। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘যাঁর বিরুদ্ধে ভোটে লড়ে মানুষ আমাকে জয়ী করেছেন, তাঁর সঙ্গে একই মঞ্চে বসা আমার বিধানসভা এলাকার মানুষ ভালোভাবে নেবেন না। তাই আমি মঞ্চে উঠিনি।’ প্রসঙ্গত, এ বার নারায়ণগড় বিধাসভায় প্রতিভাকে হারিয়ে জয়ী হয়েছেন রমাপ্রসাদ।