৪৭টি ছবির পর পরিচালনা থেকে সরে দাঁড়ালেন মহেশ ভাট, জানালেন সিদ্ধান্তের আসল কারণ - 24 Ghanta Bangla News
Home

৪৭টি ছবির পর পরিচালনা থেকে সরে দাঁড়ালেন মহেশ ভাট, জানালেন সিদ্ধান্তের আসল কারণ

Spread the love

প্রায় পাঁচ দশকের চলচ্চিত্রজীবনের পর পরিচালনার জগৎ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন বলিউডের প্রবীণ পরিচালক মহেশ ভাট (Mahesh Bhatt )। ৭৭ বছর বয়সে তিনি জানিয়েছেন,…

প্রায় পাঁচ দশকের চলচ্চিত্রজীবনের পর পরিচালনার জগৎ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন বলিউডের প্রবীণ পরিচালক মহেশ ভাট (Mahesh Bhatt )। ৭৭ বছর বয়সে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে আর কোনও চলচ্চিত্র পরিচালনা করবেন না। আধুনিক চলচ্চিত্র নির্মাণের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেই এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

দীর্ঘ কেরিয়ারে ৪৭টি চলচ্চিত্র পরিচালনা করেছেন মহেশ ভাট। তাঁর পরিচালিত ‘সারাংশ’, ‘জখম’, ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’-সহ একাধিক ছবি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে নব্বইয়ের দশক ছিল তাঁর কেরিয়ারের সবচেয়ে সফল সময়। ওই দশকেই তিনি প্রায় ৩০টি ছবি পরিচালনা করেন।

পরিচালনায় তাঁর শেষ ছবি ‘সড়ক ২’, যা ২০২০ সালে মুক্তি পায়। ছবিতে অভিনয় করেছিলেন আলিয়া ভাট এবং সঞ্জয় দত্ত।

কেন পরিচালনা ছাড়ছেন?

নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মহেশ ভাট বলেন, বর্তমান সময়ে স্বাধীনভাবে কাজ করার সুযোগ অনেকটাই কমে গিয়েছে।

তাঁর কথায়, “স্বাধীনভাবে কাজ করার পরিবেশ আর নেই। পরিস্থিতি এমন যে অদৃশ্য কেউ যেন সব সময় নির্দেশ দিচ্ছে। আগে থেকে নির্ধারিত ডিজাইন বা টেমপ্লেট মেনে কনটেন্ট তৈরি করতে হলে একজন শিল্পীর নিজস্ব সৃজনশীলতার জায়গা থাকে না।”

ওটিটি ও অ্যালগরিদম নিয়েও সমালোচনা

ওটিটি প্ল্যাটফর্মের কাজের ধরণ নিয়েও প্রশ্ন তুলেছেন মহেশ ভাট। তাঁর মতে, বর্তমানে অ্যালগরিদম ও ভিউয়ের হিসাবই কনটেন্ট তৈরির প্রধান মানদণ্ড হয়ে উঠেছে।

তিনি বলেন, “অ্যালগরিদম এমন সব প্ল্যাটফর্মের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে শুধুই সংখ্যার হিসাব করা হয়। সেই সংখ্যার জন্যই নির্মাতাদের নির্দিষ্ট টেমপ্লেটের মধ্যে নিজেকে মানিয়ে নিতে বাধ্য করা হচ্ছে।”

মহেশ ভাটের মতে, এই পরিবেশে একজন পরিচালকের স্বাধীন সৃজনশীলতা বাধাগ্রস্ত হয়, আর সেই কারণেই তিনি পরিচালনার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

মহেশ ভাট ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম পরিচিত পরিচালক। কয়েক দশক ধরে তিনি সামাজিক, সম্পর্কভিত্তিক এবং বাস্তবধর্মী গল্প নিয়ে একাধিক সফল ছবি উপহার দিয়েছেন। তাঁর পরিচালিত ছবিগুলি বলিউডে একটি স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *