পাকিস্তানের কোস্ট গার্ড শিবিরে ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত ৩০ জনের বেশি জওয়ান, দাবি BLA-র - 24 Ghanta Bangla News
Home

পাকিস্তানের কোস্ট গার্ড শিবিরে ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত ৩০ জনের বেশি জওয়ান, দাবি BLA-র

Spread the love

বালোচিস্তানে পাকিস্তানি কোস্ট গার্ডের দপ্তরে আত্মঘাতী বিস্ফোরণ বিএলএ-র। শুক্রবার রাতের হামলায় এখনও পর্যন্ত পাকিস্তানের আধা সামরিক বাহিনীর অন্তত ৩০ জন সদস্য নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহত বহু। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পাকিস্তানি কোস্ট গার্ড।

বালোচ লিবারেশন আর্মি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে কোস্ট গার্ডের দপ্তরে ঢুকে পড়ে বিএলএ-র বিদ্রোহীরা। সোজা গিয়ে ধাক্কা মারে অফিস ভবনের দেওয়ালে। সঙ্গে সঙ্গে প্রবল শব্দে বিস্ফোরণ ঘটে। ঝলসে ওঠে আগুনের গোলা। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।

বিস্ফোরণের ফলে কোস্ট গার্ডের পুরো অফিসটাই কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় বলে দাবি বালোচ লিবারেশন আর্মির। তাদের দাবি, হামলায় ৩০ জনেরও বেশি আধাসামরিক জওয়ান নিহত হয়েছেন। আহত আরও কয়েক ডজন। ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন অনেকে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও অনুমান করা হচ্ছে।

হামলার একটি ৪৩ সেকেন্ডের ভিডিয়ো প্রকাশ করেছে বিএলএ-র প্রচার শাখা ‘হাক্কাল’। তাতে দেখা যাচ্ছে, ট্রাকটি অফিসের দেওয়ালে ধাক্কা মারতেই প্রবল শব্দে বিস্ফোরণ ঘটল। তার পরেই দেখা যাচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রক্তাক্ত দেহ। কেউ যন্ত্রণায় চিৎকার করছেন, কেউ কাতরাচ্ছেন। জানা গিয়েছে, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে এখনও পর্যন্ত হামলা নিয়ে মুখ খোলেনি পাকিস্তান সরকার বা নিরাপত্তা বাহিনী। উল্লেখ্য, বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)-কে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান সরকার। তবে গত কয়েক মাস ধরে নিরাপত্তা বাহিনী, সরকারি পরিকাঠামো লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে তারা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *