প্রণামী চুরিতে অভিযুক্তদের বাড়িতে চলবে বুলডোজ়ার?
এই সময়, নয়াদিল্লি: অযোধ্যার রামমন্দিরের প্রণামী চুরির সঙ্গে যুক্ত অভিযুক্তদের বেআইনি সম্পত্তি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে, সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথের সরকার৷ প্রশাসনের এই সিদ্ধান্তের পরেই উত্তরপ্রদেশ পুলিশের হাতে ইতিমধ্যেই গ্রেপ্তার ৮ জনের মধ্যে ৬ জন অভিযুক্তকে নোটিস পাঠিয়েছে অযোধ্যা ডেভেলপমেন্ট অথরিটি৷ এঁদের মধ্যে অন্যতম লবকুশ এবং অনুকল্প মিশ্র৷ উত্তরপ্রদেশের শাহাদতগঞ্জ এলাকায় বিশাল প্রাসাদ বানানোর তোড়জোড় শুরু করেছিলেন রামমন্দিরের প্রণামী গোনার দায়িত্বপ্রাপ্ত লবকুশ মিশ্র৷ উত্তরপ্রদেশ পুলিশ সূত্রের দাবি, সামান্য কয়েক হাজার টাকা বেতনের চাকরি করা লবকুশ জমি কেনার জন্য নগদ ৫৫ লক্ষ টাকা খরচ করেছিলেন৷ সেই জমিতে বাড়ি বানানোর জন্য এক ঠিকাদারকে নগদেই ৮০ লক্ষ টাকা দিয়েছিলেন৷