শেষ ১৬-তে মেক্সিকোর থেকেও বড় বাধা অ্যাজ়টেকার উচ্চতা, রীতিমতো ভীত ইংল্যান্ডের কোচ
অ্যাজ়টেকার উচ্চতা নিয়ে বড় চিন্তা
ইংল্যান্ডের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় এখন অ্যাজ়টেকা স্টেডিয়ামের ভৌগোলিক অবস্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,২০০ ফুট উঁচুতে অবস্থিত এই স্টেডিয়ামে খেলতে গিয়ে শারীরিক ভাবে বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হয় ফুটবলারদের। এই উচ্চতায় বাতাসে অক্সিজেনের পরিমাণ তুলনামূলক কম থাকে। ফলে খেলোয়াড়দের দ্রুত ক্লান্তি, শ্বাসকষ্ট বা ফিটনেসজনিত সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকে। সাধারণত এমন পরিবেশে খেলতে যাওয়ার আগে ক্রীড়াবিদদের কয়েক দিন, কখনও কখনও ১০ দিন পর্যন্ত সময় নিয়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তার পরই কঠোর অনুশীলন বা প্রতিযোগিতায় নামা সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হয়।
কিন্তু ইংল্যান্ডের হাতে সেই সুযোগ নেই। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ম্যাচের মাত্র তিন দিন পরই তাদের নামতে হবে মেক্সিকোর বিপক্ষে। এই পরিস্থিতি নিয়ে ইংল্যান্ডের কোচ টমাস তুচেল বলেন, ‘এই উচ্চতা আমাদের জন্য বড় অসুবিধা হবে, কারণ এর সঙ্গে মানিয়ে নেওয়ার মতো সময় আমাদের নেই। ম্যাচ দু’টির মাঝে মাত্র তিন দিন বিরতি। শারীরিক ভাবে এত কম সময়ে উচ্চতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া সম্ভব নয়।’