‘ব্যাকশট’ ছবি তোলা বন্ধের দাবি নেহা ধুপিয়ার, পাপারাজ্জিদের কড়া বার্তা - 24 Ghanta Bangla News
Home

‘ব্যাকশট’ ছবি তোলা বন্ধের দাবি নেহা ধুপিয়ার, পাপারাজ্জিদের কড়া বার্তা

Spread the love

রেড কার্পেটে মহিলা তারকাদের ‘ব্যাকশট’ ছবি ও ভিডিও তোলা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন নেহা ধুপিয়া। পাপারাজ্জিদের উদ্দেশে বললেন, “এসব এবার বন্ধ করুন।”

মুম্বই: বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া (Neha Dhupiaন) পাপারাজ্জিদের একাংশের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন। সম্প্রতি মুম্বইয়ের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি মহিলা তারকাদের ‘ব্যাকশট’ বা পিছন দিক থেকে ছবি ও ভিডিও তোলার প্রবণতার তীব্র সমালোচনা করেন। তাঁর স্পষ্ট বার্তা, “Band karo yeh sab” (এসব এবার বন্ধ করুন)।

রেড কার্পেটেই ক্ষোভ প্রকাশ

পুরস্কার গ্রহণের পর ফটোসেশনের সময় নেহা সরাসরি উপস্থিত পাপারাজ্জিদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন, কারা এই ধরনের ছবি তোলে।
তিনি বলেন, “তোমাদের মধ্যে কে এই ব্যাকশট তোলে? এসব বন্ধ করো। আমাদের কাজ মানুষের সামনে আসা, কিন্তু এইভাবে ছবি তোলা ঠিক নয়।” এরপর আরও বলেন, “শুধু আমার নয়, কারও সঙ্গেই এটা করা উচিত নয়। বারবার বলতে বলতে আমরা ক্লান্ত। আমরা সম্মানের সঙ্গে কথা বলি, আপনারাও সম্মান দেখান।”

পাপারাজ্জির প্রতিক্রিয়া

নেহার বক্তব্যের পর পরিচিত পাপারাজ্জি মানব মঙ্গলানি বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “আমার চ্যানেল বা অন্যান্য মূলধারার মিডিয়া প্ল্যাটফর্মে এ ধরনের ছবি বা ভিডিও থাকে না। ভিউ বাড়ানোর জন্য কিছু ব্যক্তি এসব করেন। বিষয়টি নিয়ন্ত্রণে আনা দরকার।”

আগেও উঠেছে বিতর্ক

সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীদের পোশাক বা অস্বস্তিকর মুহূর্তকে কেন্দ্র করে ছবি ও ভিডিও ভাইরাল হওয়া নিয়ে আগেও বিতর্ক হয়েছে। সম্প্রতি অভিনেত্রী ঋদ্ধি ডোগরা-ও ফটোগ্রাফারদের অনুরোধ করেছিলেন, বাতাসে তাঁর পোশাক উড়ে যাওয়ার মুহূর্ত যেন ক্যামেরাবন্দি না করা হয়। কিন্তু সেই ছবিও পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজে ছড়িয়ে পড়ে।

এই ধরনের ঘটনায় তারকাদের ব্যক্তিগত পরিসর, সম্মান এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

কাজের দিক থেকে

কাজের ক্ষেত্রে নেহা ধুপিয়াকে শেষবার দেখা গিয়েছে ওয়েব সিরিজ ‘Perfect Family’-তে। সেখানে তিনি একজন মনোবিদের চরিত্রে অভিনয় করেছেন। সিরিজটিতে আরও অভিনয় করেছেন গুলশন দেবাইয়া, মনোজ পাহওয়া, সীমা পাহওয়া এবং গিরিজা ওক।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *