Suvendu Adhikari: ‘জ্যোতিবাবুর বলা একটি কথা মনে পড়ছে…’, শুভেন্দুর কোন বিশেষ মুহূর্তের কথা বললেন? | Cm suvendu adhikari recalls jyoti basu while honouring bidhan chandra roy
মুখ্যমন্ত্রীর মুখে জ্যোতি বসুর প্রসঙ্গImage Credit: TV9 Bangla
কলকাতা: বিধানচন্দ্র রায়ের জন্মদিনে প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রসঙ্গ উত্থাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধাননগরের অনুষ্ঠান মঞ্চ থেকে শুভেন্দু বোঝালেন বিধানচন্দ্রের মাহাত্ম্য-তাঁর পারদর্শিতার কথা। আর সে কথা প্রসঙ্গেই মুখ্যমন্ত্রীর মুখে উঠে আসে তাঁকে বলা জ্যোতিবাবুর একটি বিশেষ কথা।
শুভেন্দু অধিকারী সে সময়ে বিধায়ক। ২০০৬ সালের কথা! তিনি বলেন, “বিধানচন্দ্র রায়কে নিয়ে বলা প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর বলা একটি কথা মনে পড়ছে। আজ যখন রাজ্যের কাজ করতে যাচ্ছি, তখন আরেকটি কথা মনে পড়ছে। জ্যোতিবাবু দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন, যেখানেই আমি শুরু করতে যাচ্ছি, সেখানেই দেখছি ড. বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গিয়েছিলেন। আর আজকের মুখ্যমন্ত্রী আমি অকপটে বলতে পারি, যেখানেই আমি হাত দিচ্ছি, সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। এই দুটো ভিন্ন মতের মধ্য দিয়েই আমাকে এগোতে হবে।” তিনি বলেন, “এই জায়গা থেকে বার করে আনতে হবে। এখানে সংকীর্ণ রাজনৈতিক কথা থাকবে না।”
এ কথা বলতে গিয়েই শুভেন্দু অধিকারী তুলে ধরেন রাজ্যের বর্তমান ‘স্বাস্থ্যে’র কথা! তিনি বলেন, “যদি ভেলোর দেখেন, যদি মুম্বই টাটা ক্যান্সার হাসপাতাল, বেঙ্গালুরুর দেবী শেঠীর হাসপাতাল যান, যেখানেই যাবেন, দেখবেন বাঙালি-বাঙালি-বাঙালি, দরিদ্র-দরিদ্র-দরিদ্র!” তাঁর বক্তব্য রাজ্যতেও বহু গুণী চিকিৎসকরা রয়েছেন, তারপরও কেন বাংলার স্বাস্থ্য ব্যবস্থার ওপর ভরসা রাখতে পারছেন না রাজ্যবাসী। কেন তাঁদের ভিন রাজ্যে চিকিৎসার জন্য যেতে হচ্ছে?