Ranbir Kapoor Education Tenth Marks: রণবীরের দশমের রেজাল্ট দেখে কেঁদে ফেলেছিলেন ঠাকুমা! কত নম্বর পেয়েছিলেন রণবীর | Ranbir Kapoor Tenth Board Marks: Why Actor is the Most Educated Kapoor in Family
বলিউডের কাপুর পরিবারের অন্দরের গল্প শুনতে কে না ভালোবাসেন। কিন্তু পড়াশোনার দিক থেকে এই পরিবারের খতিয়ান কেমন? টিনসেল টাউনে একটা দারুণ রসিকতা প্রচলিত রয়েছে যে, কাপুর বংশের ছেলেরা নাকি পড়াশোনায় বড্ড কাঁচা! এবার সেই রহস্যের ওপর থেকেই পর্দা সরালেন খোদ রণবীর কাপুর (Ranbir Kapoor)। এক সাক্ষাৎকারে অভিনেতা খোলসা করেছেন, কেন তিনি নিজেকে তাঁর গোটা পরিবারের মধ্যে সবচেয়ে বেশি ‘শিক্ষিত’ বলে দাবি করেন। আর সেই সত্যিটা লুকিয়ে রয়েছে তাঁর দশম শ্রেণির রেজাল্টের মধ্যে।
করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ এসে রণবীর তাঁর জীবনের এই মজাদার গল্পটি ভাগ করে নিয়েছিলেন। অভিনেতা জানান, যখন তাঁর দশম শ্রেণির বোর্ডের পরীক্ষার রেজাল্ট বের হয়, তখন তিনি ভারতে ছিলেন না। আমেরিকায় বাবা ঋষি কাপুরের পরিচালনায় ‘আ অব লট চলেঁ’ ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করছিলেন তিনি। সেখান থেকেই মায়ের কাছে জানতে পারেন নিজের নম্বর। রণবীর বোর্ডের পরীক্ষায় পেয়েছিলেন মাত্র ৫৪.৩ শতাংশ নম্বর!
সাধারণ কোনও পরিবারে এই নম্বর দেখলে বাবা-মায়ের কপালে চিন্তার ভাঁজ পড়ত। কিন্তু কাপুর পরিবারের রিয়্যাকশন ছিল একেবারেই উল্টো। রণবীরের মা নীতু কাপুর ছেলের এই নম্বর শুনে আনন্দে চিৎকার করে উঠেছিলেন। শুধু তাই নয়, আমেরিকাতেই রণবীরের জন্য এক বিশাল পার্টির আয়োজন করা হয়েছিল। অভিনেতার ঠাকুমা কৃষ্ণা রাজ কাপুরের চোখে তো রীতিমতো আনন্দের জল চলে এসেছিল! কারণ? রণবীরই হলেন কাপুর পরিবারের প্রথম ছেলে, যিনি কোনও ক্লাসে ফেল না করে, এক টানে একেবারে প্রথমবারেই দশম শ্রেণির গণ্ডি পার করেছিলেন! ঠাকুমার কাছে সেটাই ছিল এক বিরাট ঐতিহাসিক ঘটনা। হাসতে হাসতে রণবীর বলেন, “সেই কারণেই আমি আমার পরিবারের সবচেয়ে শিক্ষিত সদস্য।”
আপাতত কাপুর পরিবারের এই ‘সবচেয়ে শিক্ষিত’ ছেলেই বলিউডের বক্স অফিস শাসন করছেন। আগামী দিনে সঞ্জয় লীলা বনশালির মেগা প্রজেক্ট ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে স্ত্রী আলিয়া ভাট এবং ভিকি কৌশলের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে। এর পাশাপাশি নিতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবিতেও শ্রীরামের চরিত্রে পর্দায় ঝড় তুলতে আসছেন রণবীর।